২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তারেকের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলার অভিযোগপত্র চূড়ান্ত

অবৈধভাবে সম্পদ অর্জন এবং সম্পত্তির তথ্য গোপনের অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলার অভিযোগপত্র চূড়ান্ত করেছে দুর্নীতি দমন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2008, 01:45 PM

Updated : 26 Aug 2022, 01:36 PM

ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধভাবে সম্পদ অর্জন এবং সম্পত্তির তথ্য গোপনের অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলার অভিযোগপত্র চূড়ান্ত করেছে দুর্নীতি দমন কমিশন। এদিকে চাঁদা দাবি ও টেন্ডারবাজির অভিযোগে জরুরি ক্ষমতা বিধিমালার আওতায় কাফরুল থানায় করা সাধারণ ডায়েরিতে তারেক রহমানের জামিন আবেদন নাকচ করেছে আদালত। দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক কর্নেল হানিফ ইকবাল সোমবার সাংবাদিকদের জানান, সম্পত্তির তথ্য গোপনের অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে মামলায় অভিযোগপত্র চূড়ান্ত হয়েছে। তা আদালতে দাখিলের জন্য যে কোনও সময় অনুমোদন দেবে কমিশন। সাবেক উপমন্ত্রী ও বিএনপি নেতা আসাদুল হাবিব দুলুর বিরুদ্ধে ত্রাণের টিন আত্মসাতের মামলায় অভিযোগপত্র অনুমোদন করা হয়েছে বলে দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক জানান। এছাড়া যুবলীগ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানকের বিরুদ্ধে কমিশন মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি। অবৈধ সম্পত্তি অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে তারেকের বিরুদ্ধে কাফরুল থানায় মামলাটি করা হয় গত বছরের ২৬ সেপ্টেম্বর। কমিশনের উপ-পরিচালক জহুরুল হুদার দায়ের করা এ মামলায় তারেকের স্ত্রী জোবাইদা রহমান এবং শাশুড়ি ইকবালমান্দ বানুও আসামি। এতে অভিযোগ করা হয়, আসামিরা কমিশনে দাখিল করা হিসাবের বাইরেও প্রায় চার কোটি ৮২ লাখ টাকার জ্ঞাত আয় বর্হিভূত সম্পত্তি অর্জন করেছেন। একই সঙ্গে তারা আরও প্রায় চার কোটি ২৩ লাখ টাকার সম্পত্তির তথ্য গোপন করেন। ওই বছরের ১০ জুন কারা কর্তৃপক্ষের মাধ্যমে তারেক রহমান তার সম্পত্তির হিসাব বিবরণী কমিশনে জমা দেন। তাতে বলা হয়, তারেক রহমানের এক কোটি ৩৭ লাখ ১৫ হাজার টাকার সম্পত্তি রয়েছে। যুবলীগ চেয়ারম্যান নানকের বিরুদ্ধে জ্ঞাত আয় বর্হিভূত ১২ কোটি ২ লাখ টাকার সম্পত্তি অর্জন এবং ১৮ কোটি ২৭ লাখ টাকার সম্পত্তির তথ্য গোপনের অভিযোগে মামলা হবে বলে কর্নেল হানিফ ইকবাল জানান। এদিকে চাঁদা দাবি ও টেন্ডারবাজির অভিযোগে জরুরি ক্ষমতা বিধিমালার আওতায় কাফরুল থানার করা সাধারণ ডায়েরিতে (জিডি) সোমবার তারেক রহমানের জামিন আবেদন নাকচ করেন ঢাকার মহানগর দায়রা জজ মো. আজিজুল হক। গত বছরের ৮ মার্চ এ জিডির ভিত্তিতেই তারেক রহমানকে গ্রেপ্তার করা হয়। এতে অভিযোগ করা হয়, তারেক রহমান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে প্রভাব খাটিয়ে তার আত্মীয় স্বজন, পরিচিত ও দলীয় কর্মীদের মাধ্যমে বিভিন্ন মন্ত্রণালয়ে টেন্ডারবাজি ও নানা প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা দাবি করতেন। সোমবার আদালতে জামিন চেয়ে তারেকের আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, "গ্রেপ্তারকৃত কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা থাকলে সাধারণ ডায়েরির কোনও কার্যকারিতা থাকে না। কিন্তু তারেকের ক্ষেত্রে ঘটনাটি ঘটেছে উল্টো। এর পাশাপাশি গ্রেপ্তার হওয়ার ১৫ দিনের মধ্যে সাধারণ ডায়েরির তদন্ত প্রতিবেদন দাখিলের নিয়ম থাকলেও তারেকের ক্ষেত্রে বছর পেরিয়ে গেলেও তা দাখিল করা হয়নি।" জামিন নাকচ করে দেওয়া আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন বলে জানিয়েছেন তারেকের অপর আইনজীবী জাকির হোসেন ভূইয়া। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সুনির্দিষ্ট মামলা থাকায় তারেক এ ডাইরির অভিযোগটিতে জামিন পাওয়ার হকদার। আজকের জামিন নামঞ্জুরের আদেশের বিরুদ্ধে আমরা হাইকোর্টে যাবো।" অ্যাডভোকেট জাকির হোসেন জানান, তারেকের বিরুদ্ধে ১২টি মামলার মধ্যে ছয়টিতে তিনি জামিন পেয়েছেন। একটি মামলা উচ্চ আদালতে খারিজ হয়েছে। অপর দুই মামলার কার্যক্রমের ওপর উচ্চ আদালতের স্থগিতাদেশ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিসি/এমআই/১৯৩০ ঘ.