২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের বিভিন্ন স্থানে স্মৃতিফলক স্থাপন করবে মুক্তিযুদ্ধ জাদুঘর

মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থান চিহ্নিত করে তা সংরক্ষণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম মুক্তিযুদ্ধ জাদুঘর। এ লক্ষ্যে মঙ্গলবার নগরীর নিউ মার্কেট সংলগ্ন অমর চাঁদ রোডে স্থাপিত একটি ফলক উন্মোচন করা হবে। পর্যায়ক্রমে নগরী ও জেলার বিভিন্ন স্থানে আরও ফলক স্থাপন করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2008, 01:24 PM

Updated : 26 Aug 2022, 01:36 PM

চট্টগ্রাম, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থান চিহ্নিত করে তা সংরক্ষণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম মুক্তিযুদ্ধ জাদুঘর। এ লক্ষ্যে মঙ্গলবার নগরীর নিউ মার্কেট সংলগ্ন অমর চাঁদ রোডে স্থাপিত একটি ফলক উন্মোচন করা হবে। পর্যায়ক্রমে নগরী ও জেলার বিভিন্ন স্থানে আরও ফলক স্থাপন করা হবে। মঙ্গলবার সকাল ১১টায় এ স্মৃতিফলক উন্মোচন অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র এম মনজুর আলম, মুক্তিযোদ্ধাসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন। সোমবার চট্টগ্রাম প্রেসক্লাবে মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান জাদুঘরের নির্বাহী ট্রাস্টি ফারুক-ই-আজম বীর প্রতীক। তিনি জানান, মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ এবং বর্তমান তরুণ প্রজন্মকে চট্টগ্রামের মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থান ও স্থাপনা সম্পর্কে অবহিত করতে এ ধরনের স্মৃতিফলক স্থাপন করার উদ্যোগ নেওয়া হয়েছে। লিখিত বক্তব্যে ফারুক-ই-আজম বলেন, পর্যায়ক্রমে নগরীসহ জেলার বিভিন্ন স্থানে এ ধরনের ফলক স্থাপন করা হবে। তিনি অমর চাঁদ রোডের প্রতিরোধ যুদ্ধের ঘটনা উল্লেখ করে বলেন, ১৯৭১ সালের ১ নভেম্বর ডা. জাফরুল্লাহর নেতৃত্বে একটি গেরিলা দল পাকিস্তানি বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে অসম সাহসিকতার পরিচয় দেন। যুদ্ধে একজন মুক্তিযোদ্ধা শহীদ এবং অপর একজন ধরা পড়েন। গুলিবিদ্ধ হয়ে কোনরকমে পালিয়ে আসেন আরও দুই গেরিলা। তিনি আরও বলেন, প্রকাশ্য দিবালোকে গেরিলাদের এ অভিযান এবং সাহসী প্রতিরোধ পরবর্তীতে নগরীতে সাধারণ মানুষ ও যোদ্ধাদের সাহস বাড়িয়ে দেয়। ভড়কে যায় হানাদার বাহিনীর সদস্যরাও। এ ধরনের অভিযান মুক্তিযুদ্ধের একটি গুরুত্বপূর্ণ উপাদান। তাই এ যুদ্ধের ঘটনাস্থল অমর চাঁদ রোডকে স্মরণীয় করে রাখতেই এ স্মৃতি ফলক স্থাপন করা হচ্ছে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে জাদুঘরের ট্রাস্টি অ্যাডভোকেট রানা দাশগুপ্ত, নুরুল ইসলাম, শহীদ জায়া বেগম মুশতারী শফী, অধ্যাপিকা হান্নানা বেগম, রুশো মাহমুদ, মমতাজুল হক রুক্কু উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএআর/এমএসবি/১৯২০ ঘ.