২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মানবাধিকার থাকলে অভাব থাকবে না: সুলতানা কামাল

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সুলতানা কামাল মনে করেন, মানবাধিকার যেখানে বিরাজ করবে সেখানে অভাব থাকবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2008, 12:12 PM

Updated : 26 Aug 2022, 01:36 PM

ভোলা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সুলতানা কামাল মনে করেন, মানবাধিকার যেখানে বিরাজ করবে সেখানে অভাব থাকবে না। নোবেল বিজয়ী অমর্তা সেনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, "যেখানে দুর্ভিক্ষ আছে সেখানে গণতন্ত্র নেই। মানবাধিকার বৈশিষ্ট হচ্ছে সার্বজনীন। কাউকে বাদ দিয়ে মানবাধিকার নয়। মানবাধিকার অলংঘনীয়, কেউ লঙ্ঘন করলে সেটা অপরাধ।" সোমবার ভোলা জেলার মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সুলতানা কামাল এ কথা বলেন। তিনি বলেন, "যখন একটার পর একটা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে চলে তখন আমাদের উদ্বেগ বেড়ে যায়। মানুষ যত বড় অপরাধীই হোক তাকে বিচারের আওতায় আনতে হবে।" দাতা সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন ও বেসরকারি সংস্থা কোষ্ট ট্রাষ্ট্রের সহযোগিতায় স্থানীয় বেসরকারি সংস্থা বিডা ভোলা জেলার মানবাধিকার পর্যালোচনা সভার আয়োজন করে। সভায় জানানো হয়, গত বছরের সেপ্টেম্বর থেকে এ বছর ফেব্র"য়ারি ছয় মাসে ভোলা জেলায় ১২টি নারী অধিকার লঙ্ঘন, ছয়টি যৌতুক সংক্রান্ত, ছয়টি অপহরণ, ২১ টি ধর্ষণ, ১০টি হত্যা, পাঁচটি এসিড নিক্ষেপ ও একটি করে আত্মহত্যা ও শিশু অধিকার লঙ্ঘনসহ ৬১টি অপরাধ সংগঠিত হয়েছে। সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন ভোলা জেলা প্রশাসক মো. বেলায়েত হোসেন, পুলিশ সুপার জিএম আজিজুর রহমান, অ্যাডভোকেট সুপ্রিয় চক্রবর্তী, জেলা আওয়ামী লীগ সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা, বিএনপি নেতা আমিনুল ইসলাম খান, বিজেপি নেতা আনোয়ার হোসেন, অধ্যক্ষ মোফাজল হোসনে শাহীন, কোষ্ট ট্রাষ্ট্রের উপ-পরিচালক সনত কুমার ভৌমিক প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৫৪৩ ঘ.