২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার ব্যবসায়ীর আচরণ করলে জনগণের দুর্দশা কমবে না: আকবর আলি

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের ভূমিকার সমালোচনা করে রেগুলেটরি রিফর্মস কমিশনের চেয়ারম্যান আকবর আলি খান বলেছেন, সরকার ব্যবসায়ীর মতো আচরণ করলে জনগণের দুর্দশা কখনোই দূর হবে না। সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে 'দারিদ্র্য বিমোচন ও শ্রমজীবীদের সামাজিক নিরাপত্তা' শীর্ষক এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। বাংলাদেশ ইন্সস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিআইএলএস) এ বৈঠকের আয়োজন করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2008, 12:10 PM

Updated : 26 Aug 2022, 01:36 PM

ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের ভূমিকার সমালোচনা করে রেগুলেটরি রিফর্মস কমিশনের চেয়ারম্যান আকবর আলি খান বলেছেন, সরকার ব্যবসায়ীর মতো আচরণ করলে জনগণের দুর্দশা কখনোই দূর হবে না। সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে 'দারিদ্র্য বিমোচন ও শ্রমজীবীদের সামাজিক নিরাপত্তা' শীর্ষক এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। বাংলাদেশ ইন্সস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিআইএলএস) এ বৈঠকের আয়োজন করে। আকবর আলি খান বলেন, "এটা খুবই দুঃখজনক যে, সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণ হিসেবে আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির কথা বলছে। জনগণের দুর্দশা দূর করতে শেষ পর্যন্ত যা করা দরকার সরকারকে তা-ই করতে হবে। সরকার যদি ব্যবসায়ীর মতো আচরণ করে তাহলে জনগণের দুর্দশা কখনোই দূর হবে না।" সরকারের চলমান সামাজিক নিরাপত্তা কর্মসূচি দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও মন্তব্য করেন তিনি। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের এই উপদেষ্টা আরো বলেন, শুধু গণতন্ত্রই পারে দেশের অর্থনৈতিক সমস্যাগুলোর গ্রহণযোগ্য ও টেকসই সমাধান দিতে। আকবর আলি বলেন, "সরকার পোশাক শিল্পের শ্রমিকদের জন্য সর্বনিম্ন বেতন ১৬৫০ টাকা বেঁধে দিয়েছে। কিন্তু ঢাকা শহরে বেঁচে থাকার জন্য অন্তত তিন হাজার টাকা প্রয়োজন- আমি নিশ্চিত যে এ ব্যাপারে আপনারা আমার সঙ্গে একমত হবেন।" বেকারত্বের হার সম্পর্কে সরকারি তথ্য নিয়ে প্রশ্ন তুলে আকবর আলি বলেন, যদি বেকারত্বের হার সত্যিই চার শতাংশ হয় তাহলে বাংলাদেশে তো বেকারত্বই নেই। ইউরোপ-আমেরিকার অনেক দেশেও বেকারত্বের হার এর চেয়ে বেশি। মূল্যস্ফীতি কমাতে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং শ্রমিকদের উৎপাদন ক্ষমতা বাড়াতে তাদের জন্য বাস্তবসম্মত মজুরি কাঠামো নির্ধারণের আহ্বান জানান তিনি। সরকারকে সতর্ক করে আকবর আলি জানান, খাদ্যপণ্যের দাম ক্রমাগত বাড়ার কারণে নারী ও শিশু স্বাস্থ্যের ক্ষতির আশঙ্কা রয়েছে যা ভবিষ্যত প্রজন্মকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেবে। অন্যান্যের মধ্যে বিলস্ এর সহকারী নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দীন আহম্মদ, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের সিনিয়র রিসার্চ ফেলো আব্দুল হাই মণ্ডল, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. মাহফুজুল হক, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের প্রতিনিধি রায় রমেশ চন্দ্র এ আলোচনায় অংশ নেন। দেশের চার কোটি শ্রমিকের জন্য সুনির্দিষ্ট মজুরির হার ও তাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা না গেলে দারিদ্র্য বিমোচনের কোনো কৌশলই সফল হবে না বলে মত দেন বক্তারা। তারা শ্রমিকদের জন্য সময়োপযোগী বেতন কাঠামো, রেশনিং ব্যবস্থা, বীমা, প্রভিডেন্ট ফান্ড ও গ্রাচুইটি, তাদের সন্তানদের জন্য শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার সুপারিশ করেন। দেশের গরিব জনগোষ্ঠীর জন্য মূল্যস্ফীতির হার আসলে ৩০ থেকে ৪০ শতাংশ- এমন মন্তব্য করে আকবর আলি খান বৈঠকের পর সাংবাদিকদের বলেন, "মূল্যস্ফীতির হার নির্ধারণ করা হয় খাদ্যসহ অন্যান্য দ্রব্যের মূল্য হিসাব করে। কিন্তু গরিবদের জন্য খাবারের দামই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর এ দৃষ্টিকোন থেকে আমি বলব মূল্যস্ফীতি কোনোভাবেই ৩০ শতাংশের কম নয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/কিউএইচ/ টিএইচ/জেকে/জিএনএ/১৮০২ ঘ.