ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- নির্বাচনী অপরাধে এবার সশস্ত্র বাহিনীকেও সাজা ভোগ করতে হবে। নির্বাচনী আইনে সংস্কার এনে এই নতুন ধারা যুক্ত করা হচ্ছে।
সোমবার দুপুরে নির্বাচন কমিশনার এম. সাখাওয়াত হোসেন তার কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, "এবার আইন প্রয়োগকারী সকল সংস্থাকে শাস্তির আওতায় আনা হচ্ছে। আর 'আইন প্রয়োগকারী সংস্থা' বলতে সশস্ত্র বাহিনী, বিডিআর, পুলিশ - আনসারসহ অন্যান্য বাহিনীকে বোঝাবে। নির্বাচনী আইনের সংশোধনী এনে এই নতুন ধারা যুক্ত করা হচ্ছে।"
প্রসঙ্গত, ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশের ৮৪ ধারায় নির্বাচনী অপরাধে শুধু নির্বাচন কর্মকর্তা ও পুলিশের বিরুদ্ধে সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ডের বিধানের কথা বলা হয়েছে। তবে এতে একই অপরাধে সেনা, নৌ, বিমান বাহিনী, বিডিআরসহ অন্যান্য বাহিনীর বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থাগ্রহণের কথা উল্লেখ করা ছিলো না। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো বিডিআর, পুলিশ ও আনসার বাহিনীর পাশাপাশি 'স্ট্রাইকিং ফোর্স' হিসেবে সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়।
সাখাওয়াত হোসেন জানান, আইনের ওই নতুন সংশোধনীটি যুক্ত হওয়ার পর কোনো আইন প্রয়োগকারী সংস্থার সদস্যের বিরুদ্ধে নির্বাচনী অপরাধের অভিযোগ আসলে তা তদন্ত করে সংশ্লিষ্ট বাহিনীর কাছে প্রতিবেদন পাঠানো হবে। এই প্রতিবেদনের ভিত্তিতে সংশ্লিষ্ট বাহিনী অভিযুক্তের বিরুদ্ধে বিভাগীয় ও প্রচলিত আইনে শাস্তির ব্যবস্থা করবে।
কমিশনার বলেন, "নির্বাচনের সময় সশস্ত্র বাহিনীর গ্রেপ্তারী ক্ষমতা আগের মতোই থাকছে। তবে এ ক্ষেত্রে নিয়ম হলো, অপরাধীকে গ্রেপ্তার করে থানা পুলিশে সোপর্দ করতে হবে।"
তিনি জানান, এছাড়া অবৈধ তোরণ বা অবৈধ পোস্টার অপসারণসহ নির্বাচনী আচরণবিধি রক্ষায় আইন প্রয়োগকারী সংস্থা যেনো তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারে, সংশোধিত আইনে এমন বিধানও রাখা হচ্ছে।
আগামী এপ্রিলে অনুষ্ঠেয় চারটি সিটি করপোরেশন ও সাতটি পৌরসভা নির্বাচনে সশস্ত্র বাহিনী মোতায়েন করা হচ্ছে বলেও কমিশনার জানালেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ বিআর/এমএ/ ১৭০৫ ঘ.
bdnews24