ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর তেজগাঁও এলাকায় কোহিনূর ক্যামিকেল কোম্পানিতে সোমবার দুপুরে বড় ভাইয়ের হাতুড়ির আঘাতে এমদাদুল হক নামে এক শ্রমিক মারা গেছেন।
দুই ভাইই ওই কারখানার শ্রমিক। বড় ভাই বশির আহমেদ ঘটনার পর থেকে পলাতক।
শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর ১টার দিকে দুই ভাইয়ের মারামারির এক পর্যায়ে বড় ভাই বশির আহমেদ এমদাদকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে। রক্তাক্ত অবস্থায় এমদাদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
কোহিনূর ক্যামিকেল কোম্পানির নিরাপত্তা কর্মকর্তা এ কে আজাদ জানান, ঘটনার পরপরই বশির পালিয়ে যায়।
এ ঘটনায় বিকাল পর্যন্ত থানায় কোনও মামলা হয়নি বলে জানিয়েছেন শিল্পাঞ্চল থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক আসমা আক্তার।
লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১৪২৯ ঘ.
bdnews24