ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারাবন্দি বিএনপি নেতা ও সাবেক সাংসদ সালাউদ্দিন কাদের চৌধুরী, আবুল হাসেম, নাসিরউদ্দিন পিন্টু ও সালাহউদ্দিন আহমেদকে হাসপাতাল থেকে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেল থেকে সোমবার সকালে তাদের ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন কারা উপ-মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী।
এনিয়ে দুই দিনে প্রিজন সেল থেকে ছয় বন্দিকে কারাগারে ফেরত নেওয়া হলো।
রোববার প্রিজন ওয়ার্ডে কয়েকজন বন্দির কাছে মোবাইল সিমকার্ড ও আইপড উদ্ধার করার পরপরই বিষয়টি নিয়ে দ্রুত পদক্ষেপ নেয় কারা কর্তৃপক্ষ। এনিয়ে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য আবু তাহের, কারা মহা পরির্র্দশক ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হাসান, হাসপাতালের তত্ত্বাবধায়ক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডা. জহিরউদ্দিন আহমেদ ও কারা উপ-মহাপরিদর্শক মেজর সামসুল হায়দার ছিদ্দিকী বৈঠক করেন।
এরপর রোববার সন্ধ্যায় সাবেক বিএনপি সাংসদ মোসাদ্দেক আলী ফালু ও জামায়াত সাংসদ আবদুল্লাহ তাহেরকে হাসপাতাল থেকে কারাগারে ফেরত নেওয়া হয়।
মেজর সামসুল হায়দার ছিদ্দিকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মোবাইল ফোনে কথা বলাসহ এই ধরনের অপরাধের সঙ্গে যারা জড়িত তাদের ছয় জনকে ইতোমধ্যে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। বাকি যারা হাসপাতালে রয়েছেন, তাদের এখানে থাকা কতটুকু প্রয়োজন তা খতিয়ে দেখা হচ্ছে।"
সব বন্দিদের কারাগারে রেখেই যথাযথ চিকিৎসা দেওয়া হবে বলে তিনি জানান।
রোববার হাসপাতাল ও কারা কর্তৃপক্ষের বৈঠকে চিকিৎসাধীন কারাবন্দি এবং তাদের দায়িত্বে থাকা চিকিৎসক ও কর্মচারীদের জন্য কিছু আচরণবিধি নির্ধারণ করা হয় বলে মেজর সামসুল হায়দার ছিদ্দিকী জানান।
আচরণবিধি অনুযায়ী, বন্দিদের দায়িত্বে থাকা চিকিৎসক, নার্স ও কর্মচারীদের নামের তালিকা প্রকাশ করা হবে এবং সংশ্লিষ্ট সবাই তা সঙ্গে রাখবে।স্বাস্থ্য পরীক্ষার জন্য এক সঙ্গে একজনের বেশি বন্দিকে সেল থেকে বাইরে নেওয়া যাবে না। চিকিৎসক, নার্স বা অন্য কেউ মোবাইল ফোন নিয়ে বন্দিদের কাছে যেতে পারবে না। বাইরে থেকে খাবার আনার বিষয়ে কোনও চিকিৎসক সুপারিশ করতে পারবেন না। স্বাস্থ্য পরীক্ষার জন্য বাইরে গেলে কোনও বন্দি আত্মীয় কিংবা অন্য কারও সঙ্গে দেখা করতে পারবেন না।
কেউ এ বিধিমালা লঙ্ঘন করলে তাৎক্ষণিকভাবে বিষয়টি কারা কর্তৃপক্ষের কাছে জানাতে হবে বলেও সিদ্ধান্ত হয়েছে।
এছাড়া কারাবন্দিদের কেবিনে দরজার পরিবর্তে গ্রিল লাগানো, কেবিনের বৈদ্যুতিকসহ সব ধরনের সুইচ বাইরে আনাসহ কেবিন ও প্রিজন সেলের বাতি কখনই না নেভানোর সিদ্ধান্ত হয়েছে বলে কারা কর্মকর্তারা জানান।
রোববার প্রিজন সেলে সালাউদ্দিন কাদের চৌধুরী ও মোসাদ্দেক আলী ফালুর কাছ থেকে দুটি মোবাইল সিম ও আইপড উদ্ধার করা হয়। লুৎফুজ্জামান বাবরের ঘর পরিষ্কারকারীর কাছ থেকে একটি এবং তারেক রহমানের সেলের সামনে দায়িত্বরত দুই পুলিশ সদস্যের কাছেও দুটি মোবাইল ফোন সেট পাওয়া যায়। এছাড়া তারেক রহমানের চিকিৎসক মোবাইল ফোন নিয়েই তারেক রহমানকে দেখতে যান। অভিযোগ উঠেছে, তারেক রহমান ওই ফোনে কথা বলেছেন।
তবে ফোন নিয়ে ঢোকার কথা স্বীকার করলেও তারেক রহমান তা ব্যবহার করেননি বলে দাবি করেছেন চিকিৎসক কে এম এইচ সিরাজউদ্দিন আহমদ।
মোবাইল ফোন উদ্ধারের বিষয়ে কারা উপ-মহাপরিদর্শক সামসুল হায়দার ছিদ্দিকী বলেন, "মোবাইল ফোনগুলো থেকে কাদের সঙ্গে কথা বলা হয়েছে, তা পরীক্ষা করে দেখা হচ্ছে।"
গোপনে মোবাইল ফোন ব্যবহার করায় সালাউদ্দিন কাদের চৌধুরীকে এর আগে একবার কাশিমপুর কারাগার থেকে সিলেট কারাগারে স্থানান্তর করা হয়। একই কারণে সাবেক মন্ত্রী নাজমুল হুদা, আলতাফ হোসেন চৌধুরী, মির্জা আব্বাস, মহীউদ্দীন খান আলমগীর, প্রতিমন্ত্রী আমানউল্লাহ আমানকে ঢাকা ও কাশিমপুর কারাগার থেকে অন্য কারাগারে পাঠানো হয়।
হাসপাতালে চিকিৎসাধীন 'ভিআইপি' বন্দিদের কারাগারে ফেরত নিতে এর আগে বেশ কয়েকবার উদ্যোগ নেয় কারা কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ দাবি করে আসছিল, খুব বেশি অসুস্থ না হয়েও তারা হাসপাতালে থাকছেন। যার ফলে প্রকৃত অসুস্থ বন্দিদের চিকিৎসা ব্যাহত হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএইচ/কিউএইচ/এমআই/এমএ/১৫৩৫ঘ.
bdnews24