ঢাকা, মার্চ ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজার ও পটুয়াখালী জেলায় সোমবার সড়ক দুর্ঘটনায় তিন জন নিহত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর মৌলভীবাজার প্রতিনিধি জানান, শ্রীমঙ্গল উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে সোমবার দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত ও অপর এক জন আহত হয়েছে।
মৌলভীবাজার পল্লী বিদ্যুত অফিসের সামনে সকাল ১০টার দিকে ওই দুর্ঘটনা ঘটে বলে শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান জানিয়েছেন।
নিহতরা হলেন, শ্রীমঙ্গলের সাতগাঁও ইউনিয়নের পূর্ব লইয়ারকুল গ্রামের জুয়েল (২৪) এবং মৌলভীবাজার সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের আকবরপুর গ্রামের আব্দুর রহমান (২৫)। আহত ফজলের বাড়ি শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়নে।
এসআই মোস্তাফিজুর রহমান জানান, দুর্ঘটনার পর আহত তিন জনকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।
চিকিৎসাধীন অবস্থায় জুয়েল স্বাস্থ্য কেন্দ্রেই মারা যান বলে জানিয়েছেন কেন্দ্র কর্তব্যরত চিকিৎসক নজিবুস শহীদ। মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানোর পথে মারা যায় রহমান। আহত ফজলকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লাশ দুটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে বলে পুলিশ জানায়।
পটুয়াখালী প্রতিনিধি জানান, ঢাকা-পটুয়াখালী মহাসড়কে সোমবার সকালে বাসচাপায় সোহাগ (২২) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।
সকাল ৭টায় দুমকী উপজেলার পাগলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন পটুয়াখালী সদর থানার উপ-পরিদর্শক মনির হোসেন।
তিনি জানান, ঢাকা ছেড়ে আসা ঈগল পরিবহনের একটি বাস পটুয়াখালীর দিকে যাওয়ার পথে পাগলার মোড়ে সোহাগের মোটর সাইকেলটিকে চাপা দেয়। স্থানীয়রা তাকে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার শিদ্ধার্থ শংকর দাস জানান, সোহাগ মারা গেছেন।
পুলিশ বাসটি আটক করেছে। তবে চালক পলাতক।
নিহত সোহাগ পটুয়াখালী শহরের মুক্তিযোদ্ধা সড়কের বাসিন্দা লাল খানের ছেলে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৩২৭ ঘ.
bdnews24