ঢাকা, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- প্রবাসী এক যুবকের কাছ থেকে ৮৬ হাজার রিয়াল ছিনিয়ে নেওয়ার অভিযোগে পুলিশের দুই উপ-পরিদর্শককে (এসআই) গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দা পুলিশ তাদের গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছে।
গ্রেপ্তার হওয়া দুই উপ-পরিদর্শক হচ্ছেন পল্লবী থানার আমির হোসেন ও পল্টন থানায় কর্মরত সেলিম মোল্লা। নাম প্রকাশে অনিচ্ছুক গোয়েন্দা বিভাগের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা নিশ্চিত করেছেন।
সৌদি আরব প্রবাসী মো. রিপন অভিযোগ করেছেন, বৃহস্পতিবার মহাখালী বাস টার্মিনালে পুলিশের একটি হাইওয়ে প্যাট্রোল কারে থাকা ওই দুই উপ-পরিদর্শক তার কাছ থেকে ৮৬ হাজার রিয়াল ছিনিয়ে নেন। মো. রিপন শুক্রবার রাতে বাদী হয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় একটি ছিনতাই মামলা দায়ের করেন।
শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক জাফর ইকবাল জানান, শুক্রবার রাত ১০টার দিকে মো. রিপন ৮৬ হাজার রিয়াল (১৬ লাখ টাকা) ছিনতাইয়ের অভিযোগে একটি মামলা দায়ের করেন। মামলায় কোনো আসামীর নাম উল্লেখ নেই। মামলায় রিপন অভিযোগ করেছেন, বৃহস্পতিবার কিশোরগঞ্জ থেকে বাসে মহাখালী বাস টার্মিনালে এসে নামার পরপরই তাকে ভয় দেখিয়ে একটি পুলিশের টহল গাড়িতে ওঠানো হয়। এক পর্যায়ে তার হাত ও চোখ বেঁধে ফেলা হয়। রিপন বলেছেন, গাড়িতে দু'জন পোশাকধারী পুলিশ ও দু'জন সাধারণ পোশাকের ব্যক্তি ছিলেন যারা অর্থ ছিনিয়ে নিয়ে তাকে গাড়ি থেকে নামিয়ে দেয়।
মামলা দায়েরের পর তদন্তে নেমে গোয়েন্দা পুলিশ শনিবার গভীর রাতে সংশ্লিষ্ট থানা এলাকা থেকে উপ-পরিদর্শক সেলিম মোল্লা ও আমির হোসেনকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে পল্লবী থানার কর্তব্য কর্মকর্তা উপ-পরিদর্শক রজিবুল ইসলাম জানান, আমির হোসেনকে গ্রেপ্তারের বিষয়ে আনুষ্ঠানিকভাবে (অফিসিয়ালি) তারা কিছু জানেন না।
পল্টন থানার কর্তব্য কর্মকর্তা উপ-পরিদর্শক মাজহার ইসলাম জানান, তাদের থানাতেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। সেলিম মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে থানার বাইরে থেকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/০১১৬ঘ.
bdnews24