রংপুর, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রংপুর কারমাইকেল কলেজের ১৪ বিভাগে ২৫৫টি আসন বাড়ানো হয়েছে। এ ছাড়াও কলেজের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করার জন্য বরাদ্দ দেওয়া হয়েছে ১৭ কোটি টাকা।
রোববার কারমাইকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. দীপকেন্দ্র নাথ দাস জানান, বর্তমানে কলেজে ১৪টি বিভাগে আসন সংখ্যা হচ্ছে ২৬৮৫টি। আরও ২৫৫টি আসন বাড়ানো হয়েছে। এখন আসন সংখ্যা ২৯৪০টিতে উন্নীত হল।
তিনি জানান, বাংলা বিভাগে ২০টি, ইংরেজি বিভাগে ২০টি, ইসলামের ইতিহাসে ১৫টি, ইতিহাসে ১৫টি, দর্শনে ১৫টি, রাষ্ট্রবিজ্ঞানে ১৫টি, অর্থনীতিতে ১৫টি, হিসাব বিজ্ঞানে ২০টি, ব্যবস্থাপনায় ২৫টি, পদার্থবিদ্যায় ২০টি, প্রাণিবিদ্যায় ২০টি, রসায়নে ২০টি, উদ্ভিদবিদ্যায় ২০টি এবং গণিত বিভাগে ১৫টি আসন বাড়ানো হয়েছে।
অধ্যক্ষ জানান, কলেজের উন্নয়নে ১৭ কোটি টাকার বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করার জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করা হয়েছে। চলতি অর্থ বছরের জুন মাস থেকেই এসব প্রকল্পের কাজ শুরু হবে।
প্রকল্পগুলো হল- দুই কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে একাডেমিক ভবন ও পরীক্ষার হল নির্মাণ, চার কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে সীমানা প্রাচীর, তিন কোটি টাকা ব্যয়ে অভ্যন্তরীণ রাস্তা নির্মাণ, চার কোটি টাকা ব্যয়ে মূল ভবনের স্থাপত্য ঠিক রেখে মেরামত এবং এক কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে আসবাব-পত্র, কম্পিউটার, বই ও জেনারেটর কেনা হবে।
এতে কলেজের বিদ্যুৎ সমস্যাসহ অন্যান্য সমস্যার সমাধান হবে বলে দীপকেন্দ্র নাথ দাস আশাবাদ ব্যক্ত করেন।
তিনি জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ইনফরমেশন অ্যান্ড কম্পিউটার টেকনোলজি কোর্স চালুর জন্য কারমাইকেল কলেজকে অর্ন্তভূক্ত করা হয়েছে। এ জন্য পরীক্ষাগার তৈরির জন্য ১১ লাখ টাকার একটি বাজেট জাতীয় বিশ্ববিদ্যালয় পাঠানো হয়েছে।
অধ্যক্ষ আরও জানান, কলেজের আসবাব-পত্র সরববাহের জন্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে ৬ লাখ টাকার টেন্ডার আহবান করা হয়েছে। আরও ছয় লাখ টাকা ব্যয়ে পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষ নির্মাণের কাজ দ্রুত বাস্তবায়নের পথে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৭১৯ ঘ.
bdnews24