চট্টগ্রাম, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যে কোন সময় অসুস্থ কারো দরকার হলেই রক্তাদাতারা চলে আসবেন রক্ত দিতে। শুধু ওয়ার্ড কমিশনারদের জানাতে হবে কোন গ্র"পের রক্ত প্রয়োজন। স্বেচ্ছায় রক্ত দিতে রাজি ব্যক্তির রক্তের গ্র"পসহ একটি তালিকা হয়েছে খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলায়। গত তিন মাসে তালিকাভুক্ত হয়েছেন প্রায় আট হাজার মানুষ।
প্রচলিত ব্লাড ব্যাংকের পরিবর্তে একজন রক্তদাতার শরীরকেই রক্ত সংরক্ষণ ও সংগ্রহের মাধ্যম হিসাবে বেছে নেওয়া হয়েছে। এই পদ্ধতির নাম দেওয়া হয়েছে 'মোবাইল ব্লাড ব্যাংক'। মাটিরাঙায় সেনাবাহিনীর এ উদ্যোগে স্বতস্ফুর্তভাবে এগিয়ে এসেছেন এলাকার লোকজন। গত বছরের ১৫ ডিসেম্বর থেকে গত তিন মাসে মাটিরাঙা পৌরসভা এবং তিনটি ইউনিয়নের সাত হাজার ৮৬৭ জন স্বেচ্ছায় রক্ত দিতে তালিকাভূক্ত হন।
শনিবার সকালে ব্লাড ব্যাংকের তালিকা সংশিষ্ট ওয়ার্ড কমিশনারদের হস্তান্তর উপলক্ষে মাটিরাঙা ডিগ্রি কলেজে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এ অনুষ্ঠানে গান, নৃত্য, নাটিকা, কৌতুক ও একক অভিনয়ের মাধ্যমে রক্ত দেওয়ার ক্ষেত্রে কুসংস্কার ও অহেতুক ভীতির বিষয়গুলো তুলে ধরা হয়।
সেনাবাহিনীর মাটিরাঙা জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল ইউসুফের ভাবনা প্রসূত এ উদ্যোগে সেনা সদস্যদের সহায়তায় বিভিন্ন ওয়ার্ডের প্রাপ্ত বয়স্ক ব্যক্তিদের রক্তের গ্র"প নির্ণয় করা হয় এবং তার একটি তালিকা প্রস্তুত করা হয়। এ তালিকার একটি করে কপি সেনা কার্যালয়, স্বাস্থ্য কমপ্লেক্স ও সংশ্লিষ্ট ওয়ার্ড কার্যালয়ে সংরক্ষণ করা হবে। কোন অসুস্থ ব্যক্তির রক্তের প্রয়োজন হলে সংশ্লিষ্ট ওয়ার্ড কমিশনারদের জানানো হবে। তারা রক্তের গ্র"প অনুযায়ী তালিকাভূক্ত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করবেন এবং রক্ত সংগ্রহের ব্যবস্থা নেবেন।
জোন কমান্ডার ইউসুফ সাংবাদিকদের বলেন, "মানুষের শরীরই রক্ত সংরক্ষণের জন্য সবচাইতে সুরক্ষিত স্থান। এর চেয়ে বিশুদ্ধ ব্যাংক আর কিছু হতে পারে না। যেহেতু প্রয়োজনে একজন রক্তদাতা রোগীর কাছে গিয়ে রক্ত দিয়ে আসতে পারেন। তাই এ পদ্ধতিতে রক্ত সংগ্রহ ও সংরক্ষণকে 'মোবাইল ব্লাড ব্যাংক' বলা হয়েছে।"
তিনি জানান, এ প্রক্রিয়া চালুর পর এ পর্যন্ত মাটিরাঙায় ১০ জন রোগীকে রক্ত সরবরাহ করা হয়েছে। পাহাড়ী ও বাঙালি নির্বিশেষে সব বয়সের মানুষ স্বতস্ফুর্তভাবে এগিয়ে এসেছেন বলে তিনি উল্লেখ করেন। বিশেষ করে মাটিরাঙা ডিগ্রি কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা এতে অগ্রণী ভূমিকা পালন করায় তিনি তাদের প্রশংসা করেন।
তিনি দাবি করেন, দেশের মধ্যে এধরনের উদ্যোগ এটিই প্রথম। এটি পাবর্ত্য চট্টগ্রামের ম্যালেরিয়া ও রক্তশনূতাপ্রবণ এলাকার জন্য খুবই কার্যকরী পন্থা বলে জানান।
এ উদ্যোগের সঙ্গে প্রথম থেকেই জড়িত মাটিরাঙা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. কামরুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ম্যালেরিয়া আক্রান্ত হয়ে প্রতিবছর এ অঞ্চলে মৃত্যুর হার অনেক বেশি। গত বছর প্রায় ২১ হাজার ব্যক্তি ম্যালেরিয়ায় আক্রান্ত হয়। এর মধ্যে সেলিব্রিয়াল ম্যালেরিয়া রোগীর সংখ্যা ৫ হাজারের বেশি যাদের অধিকাংশই রক্তশূন্যতায় ভোগে। তাই এ উদ্যোগ দুর্গম এই অঞ্চলে রক্তশূন্যতায় মৃত্যু হার কমাতে সাহায্য করবে।
তিনি জানান, প্রচলিত ব্লাড ব্যাংকে দুই সপ্তাহের বেশি রক্ত সংরক্ষণ করা যায় না। রক্তদাতারা কে কোথায় বাস করে তা সহজেই জানা সম্ভব হওয়ায় এটি এলাকার জন্য একটি যুগান্তকারী পদক্ষেপ হবে বলে আশা প্রকাশ করেন।
মাটিরাঙা সদরের ওয়ার্ড কমিশনরার আনেউ চৌধুরী নয়ন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রক্ত দেওয়ার ব্যাপারে মানুষের মধ্যে যে ভীতি রয়েছে এই উদ্যোগের মাধ্যমে সেটা দূর হয়েছে। প্রয়োজনের সময় হাতের কাছেই রক্তদাতা পাওয়া যাবে বলে অনেকেই উপকৃত হবেন। আদিবাসীদের মধ্যেও এ উদ্যোগ ব্যাপক সাড়া ফেলেছে বলে তিনি উল্লেখ করেন।
এ উদ্যোগের কারণ সম্পর্কে বলতে গিয়ে জোন কমান্ডার ইউসুফ ২০০৭ সালের অক্টোবর মাসের একটি ঘটনা তুলে ধরেন। তিনি বলেন, "একটি দুর্গম এলাকা থেকে ফেরার পথে তারা এক বৃদ্ধ অসুস্থ ব্যক্তির সাক্ষাত পান, যিনি রক্তস্বল্পতাসহ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। চিকিৎসার জন্য পরদিন জোন কার্যালয়ে নিয়ে আসা হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে রক্ত দেওয়ার প্রয়োজন দেখা দেয়। রক্ত দিতে হবে জেনে তার সঙ্গে আসা দুই ব্যক্তি পালিয়ে যান। সেনা সদস্যরা সেসময় তাকে দুই ব্যাগ রক্ত দেয়। কিন্তু এরপরও সেই বৃদ্ধকে বাঁচানো যায়নি।"
তিনি বলেন, "রক্ত সম্পর্কে এ ধরনের ভীতি এবং প্রয়োজনের সময় রক্ত না পাওয়ার বিষয়টির সমাধান খুজতে গিয়েই এ ধরনের উদ্যোগের বিষয়টি আমার মাথায় আসে।"
কমান্ডার ইউসুফ বলেন, শুধু মাটিরাঙা নয়, খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালেও রক্ষ সংরক্ষণের কোন ব্যবস্থা নেই। এ অবস্থায় জরুরি প্রয়োজনে রক্তের জন্য যেতে হয় চট্টগ্রাম নগরীতে। সেখান থেকে রক্ত নিয়ে আসার আগেই অনেকে মারা যান।
তিনি জানান, গত বছর এ এলাকায় রক্তস্বল্পতায় আক্রান্তের সংখ্যা প্রায় আড়াই হাজার। এ উদ্যোগ রক্ত স্বল্পতার স্থায়ী সমাধান করবে বলে তার বিশ্বাস।
জোন কমান্ডার ইউসুফ জানান, পাশের সেনাবাহিনীর জোনও এ পদ্ধতি অনুসরণ করে রক্তের গ্র"প নির্ণয়ের পাশাপাশি রক্তদাতাদের তালিকা তৈরি করছে। ভোটার তালিকার ছবি তোলার সময়ই এ কাজটি করা হচ্ছে বলে তিনি জানান। এতে আলাদা করে সময় ও কম বেশি অর্থও ব্যয় হচ্ছে না।
তালিকা হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জোন কমান্ডার ইউসুফ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গুইমারা অঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল লতিফুর হায়দার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মনীন্দ্রলাল ত্রিপুরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/এমএসবি/২১০৪ ঘ.
bdnews24