২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চার জেলায় সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত

সাভার, গাজীপুর, সিলেট ও পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় একজন শিক্ষকসহ পাঁচজন নিহত হয়েছেন। এর মধ্যে শুক্রবার গাজীপুরে বাস-টেম্পো সংঘর্ষে টেম্পো চালক ও একজন যাত্রী মারা গেছেন। সিলেটের ওসমানীনগরে শনিবার বাস চাপায় নিহত হন তাজপুর আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. আব্দুল আউয়াল (৪৫)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2008, 02:01 PM

Updated : 26 Aug 2022, 01:36 PM

ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভার, গাজীপুর, সিলেট ও পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় একজন শিক্ষকসহ পাঁচজন নিহত হয়েছেন। এর মধ্যে শুক্রবার গাজীপুরে বাস-টেম্পো সংঘর্ষে টেম্পো চালক ও একজন যাত্রী মারা গেছেন। সিলেটের ওসমানীনগরে শনিবার বাস চাপায় নিহত হন তাজপুর আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. আব্দুল আউয়াল (৪৫)। আমাদের সিলেট প্রতিনিধি জানান, ওসমানীনগরের তাজপুরে সড়ক দূর্ঘটনায় এক স্কুল শিক্ষক নিহত হওয়ার ঘটনায় শনিবার সকাল ১০ টা থেকে প্রায় আধাঘন্টা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্দ জনতা। সিলেট-তামাবিল হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আবু সাইদ জানান, শনিবার ভোর সাড়ে ৬টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কে তাজপুর কলেজের সামনে ঢাকা থেকে সিলেটগামী একটি বাস মো. আব্দুল আউয়ালকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আব্দুল আউয়াল কুমিল্লা জেলার লাকসামের চৌরাশগ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে। তিনি তাজপুর আর্দশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি স্থানীয় মসজিদে নামাজ পড়ে ছাত্র পড়াতে যাচ্ছিলেন। আবু সাইদ জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ সকাল ৮টায় লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বাসটি আটক করতে সিলেটের বিভিন্ন বাসষ্ট্যাণ্ডে তল্লাশি চালানো হচ্ছে। শিক্ষকের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্দ জনতা সকাল ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়ক প্রায় আধা ঘন্টা অবরোধ করে রাখে। পরে স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তি ও ওসমানীনগর থানা পুলিশের সহযোগিতায় অবরোধ তুলে নেওয়া হয়। পঞ্চগড় প্রতিনিধি জানান, শনিবার দুপুরে শহরের মিলগেট এলাকায় ইটবোঝাই ট্রাকটর চাপায় আইয়ুব আলী (২২) নামের একজন নিহত হয়েছেন। তিনি আইসক্রিম বিক্রি করতেন। তার বাড়ি সদর উপজেলার হাড়িভাষা এলাকায়। সদর থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান খান জানান, শহরের মিলগেট এলাকায় আইয়ুর আলী একটি স্কুল থেকে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে উঠছিলেন। এ সময় লাকী এন্টারপ্রাইজ নামের একটি ইটবোঝাই ট্রাকটর তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ক্ষুব্ধ লোকজন প্রায় দুই ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ট্রাকটরটি আটক করলেও চালক পালিয়ে যায়। সাভার প্রতিনি জানান, ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার বাসস্ট্যান্ডের কাছে শনিবার সকাল ১০ টার দিকে দ্রুতগামী বাসের চাপায় হালিমা (৩০) নিহত ও শিশুসহ দুজন আহত হয়েছে। সাভার থানার উপ-পরিদর্শক আলমগীর হোসেন জানান, নিহত হালিমা ধামরাইয়ের কুটিরচর এলাকার জহুর উদ্দিনের মেয়ে। আহত শিশু ও যুবকের পরিচয় জানা যায়নি। তিনি আরও জানান, বাসটি আটক করা যায়নি। গাজীপুর প্রতিনিধি জানান, সদর উপজেলার রাজেন্দ্রপুর চৌরাস্তায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে টেম্পোর সংঘর্ষে টেম্পো চালক ও একজন যাত্রী নিহত এবং অপর এক যাত্রী আহত হয়েছেন। নিহতরা হলেন- টেম্পো চালক মোজাম্মেল (৩০) ও এর যাত্রী নূর জাহান (২৫)। দুর্ঘটনায় নূর জাহানের স্বামী আমজাদ হোসেন (৩০) গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় নূরজাহানের বাবা শামসুল হক মোল্লা জয়দেবপুর থানায় মামলা করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, নূর জাহান ও আমজাদ হোসেন টেম্পো ভাড়া করে কাপাসিয়া থেকে জয়দেবপুর চৌরাস্তায় আসছিলেন। পথে রাজেন্দ্রপুর চৌরাস্তায় টেম্পোটি (চট্ট মেট্রো দ-০২-৮৩৯১) কাপাসিয়া সড়ক থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উঠলে ঢাকাগামী জিনাত পরিবহনের বাস (ঢাকা মেট্রো জ-১৪-০৩৫৩) একে চাপা দেয়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, পুলিশ বাস আটক করেছে। তবে চালক পালিয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৫৮ ঘ.