২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বড় ধরনের ভূমিকম্প ঝুঁকির মুখে বাংলাদেশ

দেশের মধ্যাঞ্চলের ভূতাত্ত্বিক চ্যুতিগুলো সক্রিয় হয়ে উঠছে বলে আশঙ্কা ভূতাত্ত্বিকদের। বৃহস্পতিবার মধ্যাঞ্চলে মৃদু ভূমিকম্পকে এর প্রমাণ মনে করছেন তাদের কেউ কেউ। ভূতাত্ত্বিকদের আশঙ্কা, দেশে বড় ধরনের ভূমিকম্পের সম্ভাবনা বাড়ছে। কয়েক বছরের মধ্যেই এ ধরনের প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতে পারে বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2008, 11:35 AM

Updated : 26 Aug 2022, 01:36 PM

মারুফ মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, মার্চ ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের মধ্যাঞ্চলের ভূতাত্ত্বিক চ্যুতিগুলো সক্রিয় হয়ে উঠছে বলে আশঙ্কা ভূতাত্ত্বিকদের। বৃহস্পতিবার মধ্যাঞ্চলে মৃদু ভূমিকম্পকে এর প্রমাণ মনে করছেন তাদের কেউ কেউ। ভূতাত্ত্বিকদের আশঙ্কা, দেশে বড় ধরনের ভূমিকম্পের সম্ভাবনা বাড়ছে। কয়েক বছরের মধ্যেই এ ধরনের প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতে পারে বাংলাদেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আফতাব আলম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যমুনা নদী বিশাল একটি ভূতাত্ত্বিক চ্যূতি। মধুপুরের পশ্চিমাঞ্চলে একই সমান্তরালে উত্তর-দক্ষিণে অনেকগুলো এবং জামালপুরের বাহাদুরাবাদ থেকে মধুপুর পর্যন্ত অনেকগুলো চ্যুতি আছে। এছাড়া আরও দক্ষিণে মানিকগঞ্জে ধলেশ্বরী চ্যুতি রয়েছে। এগুলো পরস্পর সংযুক্ত। ধারণা করা হচ্ছে এসবের কোনো একটি চ্যুতি থেকে বৃহস্পতিবারের ভূমিকম্প হয়েছে।" তিনি বলেন, "ভূমিকম্প ফিরে আসে। বেঙ্গল আর্থকোয়েক নামে পরিচিত ১৮৮৫ সালে রিখটার স্কেলে ৭ মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল ধলেশ্বরী চ্যুতির কারণে। একই কারণে ১৩০ বছর পর আবার এ অঞ্চলে বড় ধরনের ভূমিকম্প হতে পারে। আমার হিসাবে এর সম্ভাব্য সময় ২০১৫ সাল থেকে ২০২০ সাল। এর সম্ভাবনা ৯৫ ভাগ। ১৭৬২ সালে বেঙ্গল আরাকান ভূমিকম্পের প্রত্যাবর্তনের সময় ২৫০ বছর। অর্থাৎ ২০১২ সাল। ১৯১৮ সালের শ্রীমঙ্গল ভূমিকম্প ১৩০ বছর পর এবং ব্রহ্মপুত্রের প্রবেশ মুখ ধুবরি ভূমিকম্পের ফিরে আসার সময় ১৩০ বছর।" একই বিভাগের অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বঙ্গেয় ব-দ্বীপে প্রচুর শক্তি সঞ্চয় হচ্ছে। এ শক্তি এক সময় নির্গত হবে। বৃহস্পতিবার ভূমিকম্প এই শক্তি নির্গমনের ফল। যমুনা নদী থেকে মেঘনা নদী পর্যন্ত এলাকা খুবই ঝুঁকিপূর্ণ। বিশেষ করে ঢাকা অত্যন্ত ঝুঁকির মধ্যে রয়েছে।" বৃহস্পতিবার মধুপুরে ভূতাত্ত্বিক চ্যুতি ঝাঁকুনি দিকে পারে- মনে করেন অধ্যাপক আখতার। তিনি বলেন, "অনেকদিন পর এটি আবার সক্রিয় হলো। এ চ্যুতির কারণে বড় ভূমিকম্প আগেও হয়েছে। তবে এর সুষ্পষ্ট রেকর্ড নেই। ঢাকা থেকে ৫০ কিলোমিটার উত্তর-পশ্চিমে মানিকগঞ্জে যে চ্যুতি রয়েছে তার সঙ্গে মধুপুর চ্যুতির সংযোগ আছে।" ভূতত্ত্ব জরিপ অধিদপ্তরের মহা পরিচালক আফিয়া আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিশ্বের যে তিনটি ভূমিকম্প বেল্ট রয়েছে এর মধ্যে একটি 'মেডিটেরিনিয়েন ট্রান্স এশিয়াটিক আর্থকোয়েক বেল্ট' বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চল দিয়ে অতিক্রম করেছে। বাংলাদেশ এর প্রভাব বলয়ে রয়েছে। ১৮৯৭ 'গ্রেট আসাম ভূমিকম্প' হয়েছিল। এর প্রভাব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছিল। এ থেকেই বোঝা যায় বাংলাদেশ কতটা ঝুঁকির মধ্যে রয়েছে।" ভারতীয় টেকটোনিক প্লেট ও বার্মিজ টেকটোনিক প্লেটের মধ্যে বাংলাদেশের অবস্থান- জানান আফিয়া আক্তার। তিনি বলেন, "মৃদু ভূকম্পন বড় ভূমিকম্পের পূর্ব লক্ষণ হতে পারে। অপরিকল্পিত নগরায়নের এই দেশে বড় ভূমিকম্প ক্ষয়ক্ষতি অনেক বেশি হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এসএনডি/এমএ/১৭২৫ঘ.