আতিয়ার বাড্ডা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
নীলফামারী, মার্চ ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিজের মুক্তিযোদ্ধা পরিচয়টি সযতনে লুকিয়ে রাখছেন নীলফামারীর মাহাতাব উদ্দীন। ক্ষুব্ধ কণ্ঠে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর আতিয়ার বাড্ডাকে বললেন, "আমি মুক্তিযোদ্ধা এই কথা এখন আর কাউকে বলি না। কারণ যে দেশে যুদ্ধাপরাধীরা দেশ শাসন করে, বুক ফুলিয়ে বেড়ায়; সে দেশে মুক্তিযোদ্ধা পরিচয় দেয়াটাও লজ্জার।" যুদ্ধাহত এ মুক্তিযোদ্ধা জানালেন, ঘুষ দিতে না পারায় সনদটিও পাননি তিনি।
সনদ না পাওয়ায় মুক্তিযোদ্ধা ভাতা থেকেও বঞ্চিত মাহাতাবউদ্দিন। নীলফামারীর জলঢাকা উপজেলা সদরে ছোট্ট একটি ঘর ভাড়া নিয়ে রিকশা-সাইকেল মেরামতের একটি দোকান দিয়ে সংসার চালাচ্ছেন তিনি। ঘুষ দিয়ে সনদ তোলেননি। বললেন, "দরকার নেই আমার সনদের। এলাকার সবাই জানে, আমি মুক্তিযোদ্ধা; এটাই আমার বড় পাওয়া।"
জলঢাকা উপজেলার বগুলাগাড়ী ইউনিয়নের আমরুলবাড়ি গ্রামের মৃত ভোলা মামুদের ছেলে মাহাতাব উদ্দীন ১৯৬৯ সালে যোগ দেন রেলওয়ে পুলিশে। একাত্তরে তিনি ছিলেন বোনারপাড়া রেলওয়ে থানায়।
মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার প্রেক্ষাপট তুলে ধরতে গিয়ে মাহাতাব উদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বললেন, "ওই সময় বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন আব্দুল আজিজ মিয়া। ২৫ মার্চের পর তিনি আমাদের সবাইকে ডেকে নিয়ে বললেন, 'দেশের মানুষ পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্তি চায়। তারা চায় স্বাধীনতা। বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ডাকে দেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। তোমরাও প্রস্তুত হয়ে নাও, যুদ্ধে যেতে হবে। তার নির্দেশেই মানিকের চরে গিয়ে মুক্তিযোদ্ধাদের দলে ভিড়ে যাই আমরা।"
নীলফামারী, রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট- ৬ নম্বর সেক্টরের অধীনে বিভিন্ন স্থানে যুদ্ধ করেন মাহাতাব উদ্দীন। যুদ্ধের শেষ পর্যায়ে গাইবান্ধায় পাকিস্তানি সেনাদের সঙ্গে সম্মুখ যুদ্ধে মাহাতাব উদ্দীনের মাথার বাম পাশে গুলি লাগে। সহযোদ্ধারা তাকে রংপুর হাসপাতালে ভর্তি করে। তিনি হাসপাতালে থাকাকালেই স্বাধীন হয় দেশ।
বললেন, "হাসপাতালের বিছানায় শুয়ে উপভোগ করলাম স্বাধীনতার অনাবিল আনন্দ। বাংলার আকাশে পতপত করে উড়ছে সবুজের বুকে রক্ত-লাল পতাকা। একদিন সকালে হাসপাতালের চিকিৎসকরা জানিয়ে দেয়, আপনি কিছুটা সুস্থ, বাড়ি ফিরে যান। তখন বাড়ি ফিরি।"
কিন্তু বাড়ি ফিরে বেকার অবস্থায় ঘুরে ঘুরে এক সময় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন মাহাতাব উদ্দীন। পরে চিকিৎসা করিয়ে সুস্থ হন।
স্বাধীনতার পর ১০ বছর জলঢাকা উপজেলা শহরে রিকশা চালিয়েছেন মাহাতাব। পরে বেছে নেন সাইকেল মেরামতের কাজ। সত্তোরোর্ধ মাহাতাব এখনও সে পেশায়ই রয়েছেন। স্ত্রী, ২ মেয়ে ও ৩ ছেলে নিয়ে ভুমিহীন মাহাতাব উদ্দীনের সংসার। জলঢাকা উপজেলা শহরে একটি ছোট ঘর ভাড়া নিয়ে দিয়েছেন সাইকেল মেরামতের দোকান। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাইকেল-রিকশা মেরামত করে ১০০ থেকে ১৫০ টাকা আয় হয়। তা দিয়েই চালাচ্ছেন সংসার। দুই মেয়েকে এসএসসি পাস করিয়েছেন, তাদের বিয়েও দিয়েছেন। তিন ছেলেও লেখাপড়া করছে।
দোকানে বসেই কথা হয় মাহাতাব উদ্দীনের সঙ্গে। বললেন, "প্রতিজ্ঞাা ছিল দেশ স্বাধীন করে বাড়ি ফিরবে, রক্ত দিয়ে সে কথা রক্ষা করেছি। স্বাধীন দেশে অনেকেই অনেক কিছু পেয়েছে। অনেকেই অনেক কিছু হয়েছে। যুদ্ধাপরাধীরা ক্ষমতার শীর্ষে থেকেছে। তারা অবৈধ সম্পদের পাহাড় গড়েছে। কিন্তু আমি হতভাগা কিছুই পেলাম না।"
"গত ২০০৬ সালে অনেক কষ্টে কিছু টাকা জোগাড় করে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে গিয়েছিলাম সনদের জন্য। ২/৩ দিন ঘোরানোর পর মন্ত্রনালয়ের এক কর্মকর্তা সাফ জানিয়ে দেন, সনদ নিতে গেলে ২৫ হাজার টাকা দিতে হবে। নিরাশ হয়ে ফিরে এসেছি। মুক্তিযোদ্ধা ভাতার জন্য অনেক নেতার কাছেই ধর্না দিয়েছি; সবাই আশ্বাস দিয়েছে, কাজ হয়নি।"
"যে দেশের জন্য যুদ্ধ করলাম, মাথায় গুলি খেয়ে হাসপাতালে থাকলাম। চিকিৎসার অভাবে মানসিক ভারসাম্য হারালাম। সেই মুক্তিযোদ্ধার পরিচয়পত্রটুকু নিতে ২৫ হাজার টাকা ঘুষ দিতে হবে! দরকার নেই আমার সনদের", ক্ষোভ প্রকাশ করলেন এ মুক্তিযোদ্ধা।
এখন নিজের মুক্তিযোদ্ধা পরিচয়ও লুকিয়ে রাখতে চান মাহাতাব উদ্দীন।
"আমি মুক্তিযোদ্ধা এই কথা এখন আর কাউকে বলি না। কারণ যে দেশে যুদ্ধাপরাধীরা বুক ফুলিয়ে বেড়ায়, যে দেশের যুদ্ধাপরাধীরা দেশ শাসন করে, যে দেশে তাদের বিচার হয় না; সে দেশে মুক্তিযোদ্ধা পরিচয় দেয়াটাও লজ্জার। তবে আমার ছেলে-মেয়ে-স্ত্রী গর্ব করে বলে আমরা বীর মুক্তিযোদ্ধার স্ত্রী-সন্তান।"
সব কিছুর পরও লোকে তাকে মুক্তিযোদ্ধা হিসাবে চেনে, তা মনে তৃপ্তি এনে দেয় মাহাতাব উদ্দীনকে।
"এলাকার মানুষ সবাই জানে আমি মুক্তিযোদ্ধা, দেশ স্বাধীন করতে গিয়ে পাক হায়েনাদের গুলি খেয়েছি, রক্ত দিয়েছি, দেশ স্বাধীন করেছি, এটিই আমার সবচেয়ে বড় পাওয়া।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২১২ ঘ.
bdnews24