২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাঁশখালীর ১১ হত্যা মামলা অধিকতর তদন্তের নির্দেশ

বাঁশখালীর সাধনপুরের শীলপাড়ায় একই পরিবারের ১১ জনকে পুড়িয়ে মারার ঘটনার মূল রহস্য উদঘাটিত না হওয়ায় মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। ন্যূনতম সহকারী পুলিশ সুপার পদমর্যাদার একজন কর্মকর্তাকে দিয়ে মামলাটি তদন্ত করাতে পুলিশের মহাপরিদশককে (আইজিপি) নির্দেশ দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2008, 03:24 PM

Updated : 26 Aug 2022, 01:35 PM

চট্টগ্রাম, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাঁশখালীর সাধনপুরের শীলপাড়ায় একই পরিবারের ১১ জনকে পুড়িয়ে মারার ঘটনার মূল রহস্য উদঘাটিত না হওয়ায় মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। ন্যূনতম সহকারী পুলিশ সুপার পদমর্যাদার একজন কর্মকর্তাকে দিয়ে মামলাটি তদন্ত করাতে পুলিশের মহাপরিদশককে (আইজিপি) নির্দেশ দেওয়া হয়। বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মজনুল আহসান এই আদেশ দেন। এ নিয়ে তৃতীয় দফা মামলাটির তদন্ত নির্দেশ দেওয়া হল। এর আগে দুই দফা তদন্তের পর দেওয়া অভিযোগপত্রে ওই হত্যাকাণ্ডের মূল হোতা হিসেবে অভিযুক্ত আমিন চেয়ারম্যানকে বাদ দেওয়া হয়েছিল। রাষ্ট্রপক্ষের আইনজীবী এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগের দুই দফা তদন্ত যথাযথ না হওয়ায় এবং এতে ঘটনার মূল রহস্য উদঘাটিত না হওয়ায় আদালত এ আদেশ দেয়। যতদ্রুত সম্ভব তদন্ত সম্পন্ন করার জন্যও নির্দেশ দেওয়া হয়। তিনি জানান, বাদীর নারাজি আবেদনের ওপর দুই দিনব্যাপী শুনানি শেষে আদালত এই আদেশ দেয়। ২০০৩ সালের ১৮ নভেম্বর বাঁশখালীর সাধনপুরের শীলপাড়ার তেজেন্দ্র লাল শীলের বাড়িতে গভীর রাতে আগুনে পুড়িয়ে ১১ জনকে হত্যা করা হয়। ঘটনার পরদিন বিমল কুমার শীল কালীপুর ইউনিয়নের চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলামের চাচাতো ভাই আমিনুর রহমান চৌধুরীসহ ৩৩ জনকে আসামি করে মামলা দায়ের করেন। ২০০৫ সালে প্রথম দফায় অভিযোগপত্র দেন সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার ক্লারেন্স গোমেজ। দ্বিতীয় দফায় তদন্ত শেষে একই সার্কেলের সহকারী পুলিশ সুপার শফিকুর রহমান গত বছর ১৭ নভেম্বর অভিযোগপত্র দাখিল করেন। দুই অভিযোগপত্রেই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত আমিন চেয়ারম্যানকে বাদ দিয়ে ১৮ জনকে আসামি করা হয়। এ বছর ২৫ ফেব্র"য়ারি চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতে নারাজি আবেদন দাখিল করেন বিমল কুমার শীল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএআর/২১১৪ ঘ.