নাটোর, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হেরোইন পাচারের অপরাধে দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে আদালত। বৃহস্পতিবার নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ জেব উন নেছা এ রায় দেন।
দণ্ডিত দুই যুবক হলেন- আব্দুল জব্বার ওরফে আজিজুর (২৮) ও পবির হোসেন (২৬)। তাদের দুজনের বাড়ি জেলার নবাবগঞ্জ উপজেলার শুকনাপাড়া গ্রামে। বর্তমানে তারা পলাতক।
গ্রেপ্তার অথবা আত্মসমর্পণ করার পর থেকে তাদের সাজা কার্যকর হবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।
২০০৬ সালের ১২ অক্টোবর ঢাকাগামী বাস এন.পি এলিগেন্সের যাত্রী আজিজুর ও পবির হোসেনকে আটক করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নাটোর সার্কেলের পরিদর্শক। এ সময় তাদের পায়ের সেন্ডেলের তলিতে বিশেষ কায়দায় রাখা আট'শ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। আটকের কিছুদিন পর জামিনে ছাড়া পেয়ে তারা পলাতক রয়েছেন।
আসামিদের অনুপস্থিতিতে সাত জনের সাক্ষ্য গ্রহণ শেষে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আজিজুর ও পবিরকে যাবজ্জীবন (৩০ বছর) কারাদণ্ড দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭৩৩ ঘ.
bdnews24