ঢাকা, মার্চ ২০ (বিডিনিউজ টায়েন্টিফোর ডটকম)--আগামী বোরো মৌসুমে দেশব্যাপী বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে ২৬ মার্চ স্বাধীনতা দিবসে কোন প্রকার আলোকসজ্জা না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বৃহস্পতিবার আইন শৃঙ্খলা সংক্রান্ত বিশেষ কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভাশেষে স্বরাষ্ট্র সচিব আবদুল করিম সাংবাদিকদের বলেন, "আগামী বোরো মৌসুমে দেশব্যাপী বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে ২৬ মার্চ কোন প্রকার আলোকসজ্জা না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" এদিন ঢাকা মহানগরীতে কেউ আলোকসজ্জা করতে পারবে না বলে জানান স্বরাষ্ট্র সচিব।
আবদুল করিম জানান, এছাড়া আইন মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী বিচার বিভাগে কর্মরত বিচারকদের ব্যক্তিগত নিরাপত্তাসহ বাসায় পুলিশি নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে দেখার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, "যে কোন প্রথম শ্রেণীর কর্মকর্তা অস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করলে লাইসেন্স দেওয়ারও সিদ্ধান্ত হয়েছে। ব্যাংকগুলোতে ব্যবহৃত নিষিদ্ধ ব্র্যান্ডের আগ্নেয়াস্ত্র জমা দেওয়ার সময় আগামী ৩০ জুন পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।"
আবদুল করিম আরও জানান, সেক্টর কমান্ডার্স ফোরামের কনভেনশন, বাংলাদেশ এসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (এবিএআইআরএ) নির্বাচন এবং বিভিন্ন সরকারী জমি দখল করে বানানো বস্তি উচ্ছেদের অনুমতি দেওয়া হয়েছে।
কমিটির সভাপতি স্বরাষ্ট্র উপদেষ্টা এমএ মতিনের সভাপতিত্বে ওই সভায় স্থানীয় সরকার উপদেষ্টা আনোয়ারুল ইকবাল, আইন উপদেষ্টা হাসান আরিফ, অতিরিক্ত সচিব ড. শেখ আব্দুল রশিদ, পুলিশের মহা পরিদর্শক নূর মোহাম্মদ, র্যাবের মহা পরিচালক হাসান মাহমুদ খন্দকার, ঢাকার মহানগর পুলিশ কমিশনার নাঈম আহমেদ অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কিউএইচ/আরএ/জিএনএ/১৫৪৫ ঘ.
bdnews24