ফরিদপুর, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঁচাত্তর বছর বয়সী ফরিদপুরের মুক্তিযোদ্ধা মো. কুব্বাত আলী মৃত্যুর আগে একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার দেখে যেতে চান। এজন্য তিনি বর্তমান সরকারকে যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগ নেওয়ার দাবি জানান।
১৯৭১ সালে ৩৮ বছর বয়সী রিকশাচালক কুব্বাত আলী মাতৃভূমির পরাধীনতার শৃঙ্খল ভাঙতে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। স্বাধীনতার ৩৬ বছর পরেও তিনি রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করেছেন।
ষাট দশকের শুরুতেই কমিউনিস্ট পার্টির সদস্য হয়েছিলেন কুব্বাত আলী। দুই দশকের রাজনৈতিক লড়াই সংগ্রামের ধারাবাহিকতায় এলো একাত্তরের উত্তাল মার্চ। ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণে উদ্দীপ্ত বাঙালি জাতি। শুরু হল মুক্তিযুদ্ধের প্রস্তুতি। পার্টির নির্দেশে শ্রমজীবী মানুষকে মুক্তিযুদ্ধে অংশ গ্রহণে উদ্বুদ্ধ করতে শহর গ্রাম গঞ্জে সভা সমাবেশ মিছিল করতে হয়েছে।
একাত্তরের এপ্রিল মাসের শেষ দিকে পার্টির নির্দেশে তিনি ভারতে চলে যান। পশ্চিমবঙ্গের বনগাঁয়ে অবস্থিত ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের গেরিলা বাহিনীর ট্রানজিট ক্যাম্পে সংগঠক হিসেবে কাজ করেন কুব্বাত আলী।
নভেম্বর মাসে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণের কথা ছিল তার। কিন্তু পার্টির নির্দেশে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে ফরিদপুরে ফিরে আসেন কুববাত আলী। ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয়ের একদিন পর ১৭ ডিসেম্বর ফরিদপুর সদর উপজেলার মমিন খার হাটে শেষ যুদ্ধ করেন রাজাকারদের সঙ্গে।
মুক্তিযোদ্ধা কুববাত আলী বলেন, জীবন সায়াহ্নে দাঁড়িয়ে যখন দেখি বাঙালি জাতির অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে অর্জিত স্বাধীনতা আজ বন্দী, দেখি যুদ্ধাপরাধীদের আস্ফালন তখন মন বিক্ষুব্ধ হয়ে ওঠে। মনে হয় আবার অস্ত্র হাতে তুলে নেই।
ফরিদপুর শহরের গুহলক্ষ্মীপুর এলাকায় থাকেন মুক্তিযোদ্ধা কুববাত আলী পরিবার পরিজন নিয়ে। মুক্তিযোদ্ধা ভাতা ও রিকশা চালিয়ে উপার্জিত অর্থ দিয়ে সংসার চলে তার।
স্বাধীনতার অর্জনের ৩৭ বছরে দাঁড়িয়ে মুক্তিযোদ্ধা কুব্বাত আলী দেশে আইনের শাসন ও শোষণমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে সকলের সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। তিনি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার দাবি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/এমএ/১৫১৪ ঘ.
bdnews24