২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন পুলিশ আইন হলে জনগণই উপকৃত হবে: ডিআইজি শহীদুল

ঔপনিবেশিক আইন বদলে পুলিশের জন্য নতুন আইন করা হলে তাতে জনগণই উপকৃত হবে বলে মনে করেন উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) এ কে এম শহীদুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2008, 11:59 AM

Updated : 26 Aug 2022, 01:34 PM

চট্টগ্রাম, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঔপনিবেশিক আইন বদলে পুলিশের জন্য নতুন আইন করা হলে তাতে জনগণই উপকৃত হবে বলে মনে করেন উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) এ কে এম শহীদুল হক। তিনি বলেছেন, "১৮৬১ সালে প্রণীত পুলিশ আইন বাতিল হয়ে প্রস্তাবিত অধ্যাদেশ চূড়ান্ত হলে পুলিশ বিভাগ সৎ, দক্ষ ও জনবান্ধব হিসাবে গড়ে ওঠার সুযোগ পাবে বলে আমি মনে করি। এ অধ্যাদেশ অনুমোদিত হলে জনগণই উপকৃত হবে। তা না হলে কিছু সংখ্যক পুলিশ সদস্য লাভবান হবেন।" প্রস্তাবিত পুলিশ অধ্যাদেশ এর ওপর জনমত যাচাইয়ের অংশ হিসাবে বুধবার চট্টগ্রাম সার্কিট হাউজে এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে শহীদুল হক এ কথা বলেন। দাতা সংস্থার অর্থায়নে পুলিশ সংস্কার কর্মসূূচির আওতায় পুলিশের জন্য নতুন আইন তৈরির প্রক্রিয়া চলছে। অধ্যাদেশের খসড়া তৈরি হওয়ার পর বর্তমানে এর জনমত যাচাই হচ্ছে। কর্মশালায় বক্তারা অধ্যাদেশে পুলিশের সুযোগ-সুবিধা বৃদ্ধির ওপরই বেশি জোর দেওয়া হয়েছে বলে মত প্রকাশ করেন। তবে খসড়া অধ্যাদেশের বেশিরভাগ ধারার সঙ্গে এক মত প্রকাশ করেন তারা। এর পাশাপাশি সব ক্ষমতা পুলিশপ্রধান কেন্দ্রিক না করে এর বিকেন্দ্রীকরণের ওপরও জোর দেওয়ার পরামর্শ দিয়েছেন তারা। কর্মশালায় আইনজীবী আবদুল কুদ্দুস খসড়া অধ্যাদেশের ১৩৮ ও ১৪৪ ধারা সংশোধনের প্রয়োজনীয়তা উল্লেখ করে পুলিশ প্রধানের নিয়োগ সম্পর্কিত ধারা সংশোধনের দাবি জানান। সহকারী কমিশনার জিয়াউল হক খসড়া অধ্যাদেশে পুলিশ এবং ম্যাজিস্ট্রেসির সম্পর্কের ক্ষেত্রে কোনও বিধান নেই উল্লেখ করে যোগসূত্রের বিষয়টি স্পষ্ট করার পরামর্শ দেন। অতিরিক্ত জেলা প্রশাসক জাফর আলম বলেন, জনগণের চাহিদার প্রতিফলনের মাধ্যমে এ অধ্যাদেশ পূর্ণতা পাবে। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কামরুল হাসানের সভাপতিত্বে কর্মশালায় সরকারি কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এনজিও সংস্থা ও সুশীল সমাজের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। প্রস্তাবিত খসড়ায় ১১ সদস্যের জাতীয় পুলিশ কমিশন, পাঁচ সদস্যের স্বাধীন পুলিশ অভিযোগ কর্তৃপক্ষ এবং অভিযুক্ত পুলিশ সদস্যকে দ্রুত সাজা দেওয়ার জন্য পুলিশ ট্রাইব্যুনাল গঠনসহ ব্যাপক সংস্কারের সুপারিশ করা হয়েছে। পুলিশের স্বাভাবিক কাজে যারাই প্রভাব সৃষ্টি, তদবির ও হস্তক্ষেপ করবে তাদেরকেই এক থেকে তিন লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড এবং জাতীয় পুলিশ কমিশনে তদন্ত ও বিচারের মুখোমুখি করার প্রস্তাব করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/এমআই/১৭৪৬ ঘ.