২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের বিরুদ্ধে মামলার বাদিকে থানায় নিয়ে মারধর

পুলিশের বিরুদ্ধে মামলা করায় বাগেরহাটের মংলা থানায় এনে বাদিকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। তবে সে অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। মোরেলগঞ্জ উপজেলার ঢুলিগাঁতি গ্রামের সাবেক ইউপি সদস্য সরোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত শনিবার রাতে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে বেধড়ক মারধর করে। পরে তাকে ৩৪ ধারায় আটক দেখিয়ে আদালতে চালান দেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2008, 07:48 AM

Updated : 26 Aug 2022, 01:35 PM

বাগেরহাট, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের বিরুদ্ধে মামলা করায় বাগেরহাটের মংলা থানায় এনে বাদিকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। তবে সে অভিযোগ অস্বীকার করেছে পুলিশ। মোরেলগঞ্জ উপজেলার ঢুলিগাঁতি গ্রামের সাবেক ইউপি সদস্য সরোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত শনিবার রাতে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে বেধড়ক মারধর করে। পরে তাকে ৩৪ ধারায় আটক দেখিয়ে আদালতে চালান দেয়। সরোয়ার হোসেন রোববার আদালত থেকে জামিনে মুক্ত হন। তিনি বর্তমানে বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালের আবাসিক চিকিৎসক আব্দুস সালাম সাংবাদিকদের জানান, সরোয়ারের হাত, পা ও মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার ডান হাতের এক বা একাধিক আঙুল ভেঙে যেতে পারে। তবে এক্স-রে করার আগে বিষয়টি নিশ্চিত হওয়া যাচ্ছে না। নির্যাতন ও ঘুষ আদায়ের অভিযোগ এনে সরোয়ার হোসেন গত ১২ মার্চ মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আক্তারসহ ছয় পুলিশ সদস্য এবং কয়েকজন এলাকাবাসীর বিরুদ্ধে বাগেরহাট দায়রা জজ আদালতে একটি মামলা করেন। ওই মামলায় অভিযোগ করা হয়, মোরেলগঞ্জ থানার ওসিসহ ছয় পুলিশ সদস্য একটি চিংড়ি ঘের থেকে সরোয়ারকে উচ্ছেদ করতে সচেষ্ট এবং এ নিয়ে বাদির প্রতিপক্ষের হয়ে ভয়-ভীতি দেখিয়ে আসছে। বাগেরহাটের জেলা ও দায়রা জজ নূরুন নাহার ওসমানী অভিযোগ তদন্ত করে ২৮ এপ্রিলের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের জন্য দুর্নীতি দমন কমিশনের খুলনাস্থ সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালককে নির্দেশ দেন। হাসপাতালে চিকিৎসাধীন সরোয়ার দাবি করেন, ওই ঘটনায় তার ওপর একের পর এক নির্যাতন চলছে। থানায় নির্যাতনের জন্য তিনি মংলা থানার উপ-পরিদর্শক রিয়াদ মাহমুদ ও পুলিশ সদস্য আনছারকে দায়ী করেছেন। ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, "শনিবার দুপুরে আমি একটি খাসী নিয়ে সপরিবার মংলার চাঁদপাই গ্রামে মেছের শাহ এর মাজরে মানত পূরণ করতে যাই। রাতে আমরা যখন তবারক নেওয়ার জন্য অপেক্ষা করছিলাম, তখন পুলিশ মাজার এলাকা থেকে আমায় ধরে মংলা থানায় নিয়ে যায়। সেখানে রাতভর আমার ওপর নির্যাতন ও মারধর করা হয়। সকালে আমাকে আদালতে চালান করে।" তবে মংলা থানার পুলিশ কর্মকর্তা রিয়াদ মাহমুদ তার বিরুদ্ধে সরোয়ারের অভিযোগ অস্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সরোয়ারকে মদ্যপ অবস্থায় কিছু লোক চাঁদপাই মেছের শাহ মাজার থেকে মংলা থানায় নিয়ে আসে। পুলিশ তাকে কোনও মারধর করেনি।" মোড়েলগঞ্জের মামলার সঙ্গে এ ঘটনার কোনও সম্পৃক্ততা নেই বলে দাবি করেন রিয়াদ মাহমুদ। বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে বাগেরহাটের পুলিশ সুপার একেএম শহীদুর রহমান বলেন, "সরোয়ারকে মদ্যপ অবস্থায় আটক করা হয়েছে বলে জানা গেছে। প্রতিহিংসা চরিতার্থ করার জন্য সরোয়ারকে আটক বা নির্যাতন করা হয়েছে বলে তার জানা নেই। এ ধরণের কোনও অভিযোগও তিনি পাননি।" এদিকে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল আক্তার সোমবার রাতে বাগেরহাট সদর হাসপাতালে মামলাটি প্রত্যাহারের অনুরোধ করেছেন বলে সরোয়ার জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৩৯ ঘ.