২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'প্রস্তাবিত স্থানীয় সরকার কমিশন স্থানীয় সরকার কাঠামোকে শক্তিশালী করতে অক্ষম'

প্রস্তাবিত স্থানীয় সরকার কমিশন (এলজিসি) স্থানীয় সরকার কাঠামোকে শক্তিশালী করবে না বরং কমিশনের নীতিমালা এটাকে সরকারের অন্যান্য বিভাগ বা কমিশনের অধীনস্থ করে রাখবে বলে সেমিনারে মত প্রকাশ করেন বক্তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2008, 05:32 AM

Updated : 26 Aug 2022, 01:35 PM

ঢাকা, মার্চ ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রস্তাবিত স্থানীয় সরকার কমিশন (এলজিসি) স্থানীয় সরকার কাঠামোকে শক্তিশালী করবে না বরং কমিশনের নীতিমালা এটাকে সরকারের অন্যান্য বিভাগ বা কমিশনের অধীনস্থ করে রাখবে বলে সেমিনারে মত প্রকাশ করেন বক্তারা। বক্তারা জানান, প্রস্তাবিত যে অধ্যাদেশের মাধ্যমে কমিশনটি কার্যকর করা হবে, তা কমিশনকে একটি পরামর্শক সংস্থার বদলে একটি নির্বাহী সংস্থায় পরিণত করবে। মঙ্গলবার রাজধানীর হোটেল লেকশোর এ 'প্রস্তাবিত স্থানীয় সরকার কমিশন অধ্যাদেশ-২০০৮ সম্পর্কিত একটি পর্যালোচনা' শীর্ষক সেমিনারের আলোচকরা এসব মতামত প্রকাশ করেন। ইউএনডিপি'র স্থানীয় সরকার সহায়তা প্রকল্প সেমিনারটির আয়োজন করে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আবাসিক প্রতিনিধি মনোজ বাসনিয়াতের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন অধ্যাপক সালাহউদ্দিন এম আমিনুজ্জামান, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু, অর্থনীতিবিদ অধ্যাপক মোজাফফর আহমেদ, বিশ্বব্যাংকের কর্মকর্তা বালকৃষ্ণ মেনন ও সাবেক মন্ত্রী এম কে আনেয়ার। আমিনুজ্জামান বলেন, "এলজিসি পরোক্ষভাবে কয়েকটি কমিশন ও বিভাগের অধীন থাকবে। বিশেষ করে সরকরি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন ও স্থানীয় সরকার বিভাগের সচিব, নিয়ন্ত্রক ও অডিটর জেনারেলের 'সার্চ' কমিটি এলজিসি'র চেয়ারম্যান ও দুই সদস্যকে নিয়োগ দেওয়ায় ওই সংস্থাগুলোর প্রভাব থাকবে এতে।" প্রস্তাবিত স্থানীয় সরকার কমিশন অধ্যাদেশ-২০০৮ এর খসড়া তৈরি করেছে স্থানীয় সরকার বিভাগ। হাসানুল হক ইনু বলেন," প্রস্তাবিত অধ্যাদেশটি গ্রহণযোগ্য নয়। কমিশনের ক্ষমতা ও আওতা সুনির্দিষ্ট করা হয়নি। অধ্যাদেশটি কমিশনকে মন্ত্রণালয়ের অধীন একটি সংস্থায় পরিণত করবে।" প্রস্তাবিত অধ্যাদেশ অনুযায়ী মন্ত্রণালয় কমিশনের চেয়ে বেশি ক্ষমতা পাবে বলে মত প্রকাশ করেন অধ্যাপক মোজাফফর আহমেদ। বালকৃষ্ণ মেনন জানান, কমিশনের অর্থায়নের বিষয়ে অধ্যাদেশে স্পষ্ট নির্দেশনা নেই। এলজিসিকে নির্বাহী সংস্থায় পরিণত করার বিরোধিতা করে এম কে আনোয়ার জানান, এটাকে আইন কমিশনের মতো সুপারিশকারী সংস্থায় পরিণত করতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/এমএ/১১২৩ঘ.