২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইন উপদেষ্টাকে নারী উন্নয়ন নীতি বিরোধীদের স্মারকলিপি

নারী উন্নয়ন নীতি বিরোধী একদল ইসলামী নেতা মঙ্গলবার আইন উপদেষ্টা এ এফ হাসান আরিফের সঙ্গে দেখা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2008, 01:03 PM

Updated : 26 Aug 2022, 01:34 PM

ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারী উন্নয়ন নীতি বিরোধী একদল ইসলামী নেতা মঙ্গলবার আইন উপদেষ্টা এ এফ হাসান আরিফের সঙ্গে দেখা করেছেন। নারী উন্নয়ন নীতির বিভিন্ন অংশ 'ইসলামবিরোধী' দাবি করে এগুলো বিধি আকারে জারি না করার আহ্বান জানিয়ে 'ইসলামী উত্তরাধিকার আইন সংরক্ষণ আন্দোলন'র ওই নেতারা উপদেষ্টাকে একটি স্মারকলিপিও দিয়েছে। বৈঠক শেষে উপদেষ্টা সাংবাদিকদের কিছু জানাননি। তবে ইসলামী নেতারা জানিয়েছেন, ইসলামবিরোধী কোনও আইন করা হবে না বলে উপদেষ্টা তাদের আশ্বাস দিয়েছেন। আইন মন্ত্রণালয়ে উপদেষ্টা এ এফ হাসান আরিফের সঙ্গে বৈঠকে আহমদুল্লাহ আশরাফের নেতৃত্বে 'ইসলামী উত্তরাধিকার আইন সংরক্ষণ আন্দোলন'র ১৪ সদস্যের প্রতিনিধি দল অংশ নেন। সংগঠনের নেতা মাওলানা মামুনুর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "উপদেষ্টা আমাদের জানিয়েছেন, বর্তমান সরকার ইসলামবিরোধী কোনও আইন করবে না।" মামুনূর রশীদ আরও বলেন, "নারী উন্নয়ন নীতি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বিষয় হওয়ায় আইন উপদেষ্টা বিষয়টি ওই মন্ত্রণালয়কে জানাবেন বলেও আশ্বাস দিয়েছেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৯০০ ঘ.