২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেসরকারি সংস্থার নিবন্ধনের ক্ষেত্রে সরকারের দুর্বলতা রয়েছে: মালেক

বেসরকারি সংস্থাকে নিবন্ধন দেওয়ার ক্ষেত্রে সরকারের দুর্বলতার রয়েছে বলে মনে করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এমএ মালেক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2008, 03:33 PM

Updated : 26 Aug 2022, 01:33 PM

নাটোর, মার্চ ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি সংস্থাকে নিবন্ধন দেওয়ার ক্ষেত্রে সরকারের দুর্বলতার রয়েছে বলে মনে করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এমএ মালেক। তিনি বলেন, "ঢালাওভাবে বেসরকারি সংস্থাকে নিবন্ধন দেওয়ার ক্ষেত্রে আমাদের দুর্বলতার কথা আমরা স্বীকার করছি।" শনিবার নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ফ্রিডম ও প্রভাতী গ্রামীণ উন্নয়ন সংস্থাসহ এ ধরনের বেসরকারি সংস্থার প্রতারণা ও ক্ষতিগ্রস্তদের সহযোগিতার ব্যাপারে অনুষ্ঠিত এক সভায় সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত বিশেষ সহকারী এমএ মালেক এ কথা বলেন। তিনি বলেন, "নিবন্ধন দেওয়ার ক্ষেত্রে যারা অস্বচ্ছতা রেখেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে ১৯৬১ সালের নিবন্ধন আইন সংশোধন করা হবে।" নিম্ন আয়ের ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাসও দেন তিনি। জেলা প্রশাসক এস এম এহসান কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সমাজকল্যাণ সচিব আব্দুল হাই হাওলাদার, সমাজ কল্যাণ অধিদপ্তরের মহাপরিচালক কামাল আব্দুল নাছের, রাজশাহীর বিভাগীয় কমিশনার হাফিজুর রহমান ভূঞা প্রমুখ। এ ছাড়া উপস্থিত ছিলেন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা ও উপজেলা পর্যায়ের সমাজসেবা কর্মকর্তা এবং এনজিও প্রধানরা। সমাজকল্যাণ সচিব আব্দুল হাই হাওলাদার বলেন, "মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির অনুমতি ছাড়া কোন সংস্থা আর্থিক কার্যক্রম চালাতে পারবে না। এ ব্যাপারে পত্র পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করার উদ্যোগ নেওয়া হয়েছে।" সমাজ কল্যাণ অধিদপ্তরের মহাপরিচালক কামাল আব্দুল নাছের বলেন, "দেশে বেসরকারি সংস্থাকে নিবন্ধন দেওয়ার ক্ষেত্রে সমন্বয়হীনতা রয়েছে। যার কারণে নাটোরে নিবন্ধন দেওয়ার ক্ষেত্রে অস্বচ্ছতা দেখা দিয়েছে। এখান থেকে শিক্ষা নিয়ে সারাদেশে এ ধরনের সংস্থার কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।" তিনি এ ব্যাপারে বিচারবিভাগীয় তদন্তের দাবি বিবেচনার আশ্বাস দেন। সভাশেষে এমএ মালেক নাটোরের সরকারি শিশু পরিবার পরিদর্শন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমএসবি/২১২৭ ঘ.