ঢাকা, মার্চ ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহবুব জামিল শুক্রবার বলেছেন, পঙ্কিল রাজনীতি দেশের মেরুদণ্ড ভেঙ্গে দিয়েছে। শুধু টাস্কফোর্স করে এ দুর্নীতি বন্ধ করা যাবে না। এর জন্য প্রয়োজন সামাজিক সচেতনতা বৃদ্ধি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে সমাজ বিজ্ঞান বিভাগের সুবর্ণ জয়ন্তি উপলক্ষে আয়োজিত 'প্রীতি সম্মিলন' অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের সোসিওলজি অ্যালামনাই অ্যাসোসিয়েশন এ অনুষ্ঠানের আয়োজন করে।
মাহবুব জামিল বলেন, "আমরা অন্তর্কলহ ও অসৎ রাজনীতি নিয়ে ব্যস্ত। দেশের সবক্ষেত্রে দুর্নীতি ঢুকে গেছে। কেন এমন হলো সমাজ বিজ্ঞানের দৃৃষ্টিতে এর গবেষণা প্রয়োজন।"
তিনি বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও আজ লাল, নীল, সাদা শিবিরে বিভক্ত। রাজনীতি থাকবে, সমর্থনও থাকবে কিন্তু পঙ্কিলতাকে স্থান দেওয়া যাবে না। শিক্ষকদেরকে পেশাগত, সামাজিক ও নৈতিকভাবে সৎ হতে হবে।"
বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম এ ফায়েজ বলেন, "ঢাকা বিশ্ব বিদ্যালয় অনেক গৌরব আর ইতিহাসের সাক্ষী। কিন্তু আজকাল কেউ কেউ সুযোগ পেলেই এই প্রতিষ্ঠানের সমালোচনা করে থাকেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃতিত্বকে ছোট করে দেখার অবকাশ নেই।"
সমাজ বিজ্ঞান বিভাগের ১৯৭৩ সালের ব্যাচের ছাত্রী ও অগ্রণী ব্যাংকের এজিএম নাজমা চৌধুরী বলেন, "বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া শেষ করার পর সহপাঠিদের অনেকের সঙ্গেই যোগাযোগ ছিল না। আজ অনেক পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয়ে ভালো লাগছে। পুরনো দিনের কথা মনে পড়ছে।"
ঢাকা বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক সর্দার আমিন, অধ্যাপক সাদউদ্দিন আহমেদ, সাবেক রাষ্ট্রদূত আনোয়ারুল আলম, সঙ্গীত শিল্পী ফেরদৌসী রহমান, বাংলাদেশ টেলিভিশনের উপ-মহাপরিচালক কামরুন্নেসা হাসানসহ সমাজবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএস/জেকে/এমএ/১৯৩৮ঘ.
bdnews24