রাঙামাটি, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাঙামাটির দূর্গম লংগদু উপজেলা ও খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার সীমান্তবর্তী হাতিরপুল গ্রামে বুধবার রাতে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চারজনের মৃত্যূ হয়েছে। ওই গ্রামের আরও শতাধিক ব্যক্তি ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে একজনকে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পাহাড়ী ঝিরি থেকে পানি পান করে তারা অসুস্থ হয়ে পড়েন বলে জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।
রাঙামাটি জেলা স্বাস্থ্য বিভাগের ডেপুটি সিভিল সার্জন ডা. উদয় শংকর দেওয়ান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার রাতে রাঙামাটির লংগদুর উপজেলা ও খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার সীমান্তবর্তী ইয়ারেংছড়ির হাতিরপুল গ্রামে ডায়রিয়ায় পাঁচজনের মৃত্যুর খবর তারা পেয়েছেন।
তিনি জানান, খবর পাওয়ার পর বৃহস্পবিার সকালের দিকে সেনাবাহিনীর চিকিৎসক ক্যাপ্টেন ডা. মোস্তাফিজ ও লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী সমীরণ চাকমা ঘটনাস্থলে গেছেন। এছাড়া লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. ইব্রাহিম ও ডা. শওকত ওষুধপত্রসহ একটি টিম নিয়ে যান।
মৃতরা হলেন-সুনীল চাকমা (৪৫), টুকহুল চাকমা (৪২), বাগাহুল চাকমা (৫০) ও অশ্বজিৎ চাকমা (৪৫)।
জেলা সিভিল সার্জন ডা. আব্দুল্লাহ জানান, জীবাণুযুক্ত পানি পান করায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এই চারজন মারা গেছেন। বর্তমানে স্বাস্থ্য বিভাগের একটি টিম আক্রান্ত এলাকায় অবস্থান করছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩৩ ঘ.
bdnews24