চট্টগ্রাম, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--নগরীর পুরান চান্দগাঁও থানার সামনে বৃহস্পতিবার সকালে বাসের ধাক্কায় এক অজ্ঞাতনামা রিকশা চালক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন হাজেরা তজু ডিগ্রী কলেজের তিন ছাত্রসহ অপর এক রিকশা চালক।
এসময় উত্তেজিত জনতা বাসটি আটক করে তাতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসের চালক ও তার সহকারী পালিয়ে গেছে।
আহতরা হলেন- হাজেরা তজু ডিগ্রি কলেজের ছাত্র জোনায়েদ (২০), রাশেদ (১৮), অরণ্য (১৮) এবং রিকশা চালক ফারুক (২৫)। জোনায়েদ ও ফারুক বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে।
চান্দগাঁও থানার উপ পরিদর্শক আরব আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল সোয়া দশটার দিকে পুরাতন চান্দগাঁও থানার সামনে বেপরোয়া গতিতে আসা একটি যাত্রীবাহী বাস দুটি রিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আনুমানিক ৩২ বছর বয়সী অজ্ঞাতনামা রিকশা চালক মারা যান।
তিনি আরও জানান, এসময় অপর রিকশা চালক ফারুক ও রিকশারোহী তিন কলেজ ছাত্র আহত হন। ওই তিন ছাত্র রিকশায় কলেজে যাচ্ছিলেন।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/এমএসবি/১৫৫৭ ঘ.
bdnews24