২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিএনজির দাম বাড়তে পারে এ মাসেই: ম তামিম

জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ম তামিম বুধবার বলেছেন, শিগগিরই ঘনীভূত প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) দাম বাড়ানো হবে। এ মাসেই এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। তবে চলতি সেচ মওসুমে জ্বালানি তেলের দাম বাড়ানো হবে না। জাতীয় প্রেসক্লাবে ফোরাম ফর এনার্জি রিপোটার্স বাংলাদেশ আয়োজিত 'মিট দ্যা এনার্জি রিপোর্টার্স' অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2008, 02:43 PM

Updated : 26 Aug 2022, 01:32 PM

ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ম তামিম বুধবার বলেছেন, শিগগিরই ঘনীভূত প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) দাম বাড়ানো হবে। এ মাসেই এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। তবে চলতি সেচ মওসুমে জ্বালানি তেলের দাম বাড়ানো হবে না। জাতীয় প্রেসক্লাবে ফোরাম ফর এনার্জি রিপোটার্স বাংলাদেশ আয়োজিত 'মিট দ্যা এনার্জি রিপোর্টার্স' অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অধ্যাপক তামিম বলেন, "শিগগিরই সিএনজির দাম বাড়ানো হবে। এ মাসের মধ্যেই এটা করা হতে পারে। জ্বালানি তেলের দামও বাড়ানো উচিত। তবে চলতি সেচ মওসুমে জ্বালানি তেলের দাম বাড়ানো হবে না।" তিনি বলেন, "আমাদের জাতীয় বাজেটের পরিমাণ ৮৭ হাজার কোটি টাকা। এর মধ্যে ১৪ হাজার কোটি টাকা জ্বালানি ও সারের জন্য ভর্তুকি দিতে হয়। সরকারের পক্ষে এই বিশাল ভর্তুকি বহন করা সম্ভব কি না তা ভাবতে হবে। এর ওপর রয়েছে খাদ্য সঙ্কট। কাজেই জ্বালানি খাতে ভর্তুকির বিষয়টি গভীরভাবে ভাবতে হবে। এ খাতে কিছু কিছু পরিবর্তন দরকার। তবে কৃষিকাজে ও বিদ্যুতে ভর্তুকি দিতেই হবে। এজন্য অন্যান্য বাণিজ্যিক খাত থেকে ভর্তুকি উঠিয়ে আনা যেতে পারে।" বিদ্যুৎ খাতের বর্তমান পরিস্থিতি সম্পর্কে ম. তামিম বলেন, বর্তমানে মূল সমস্যা উৎপাদন। টাকা আর গ্যাস থাকার পরও সামনের ১০ বছরের চাহিদা মাথায় রেখে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি হয়নি। এই 'না হওয়ার' কারণ সম্পূর্ণ প্রশাসনিক; অন্য কোনও কারণ নেই। তিনি বলেন, "বিদ্যমান কেন্দ্রগুলোর রক্ষণাবেক্ষণ ও মেরামত করে বিদ্যুতের উৎপাদন গত বছরের তুলনায় ৭০০/৮০০ মেগাওয়াট বাড়ানো হয়েছে। তারপরও আসছে গ্রীষ্মে সারাদেশে ৫০০ থেকে ৮০০ মেগাওয়াট ঘাটতি থাকবে।" প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, "গত ১০ বছরে খনিজ সম্পদের নতুন ক্ষেত্রে খুঁজে বের করতে কোনও অনুসন্ধান চালানো হয়নি। ১৯৯৯ সালে সর্বশেষ বিবিয়ানাতে গ্যাস আবিষ্কৃত হয়।" এই সময়ের মধ্যে দেশি কোনও প্রতিষ্ঠান ড্রিলিং করেনি জানিয়ে তিনি বলেন, "আমরা উদ্যোগ নিয়েছি। আগামী তিন বছরে বাপেক্স তিনটি কূপ খনন করবে। এছাড়াও আরও কূপ খনন করা হবে। আশা করি গ্যাস পাব।" অধ্যাপক তামিম বলেন, "আমাদের জ্বালানি বৈচিত্র্য দরকার। নতুন যেসব বিদ্যুৎ কেন্দ্র তৈরি হবে পেট্রোবাংলা তাতে গ্যাস দেবে না। আমাদের ভাবতে হবে- শিল্পায়নে গ্যাস ব্যবহার করব, না বিদ্যুৎ উৎপাদনে। আমার মনে হয় শিল্পায়নের জনই গ্যাস ব্যবহার করা ভালো হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জেকে/এমএইচবি/২০৩০ ঘ.