ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টগ্রাম মেইলে বুধবার ভোররাতে ডাকাতি হয়েছে। ডাকাতের হামলায় নিহত হয়েছে এক রেল কর্মচারী। এ প্রতিবাদে বুধবার সকালে কমলাপুর রেল স্টেশনে বিক্ষোভ করেছে রেল কর্মচারীরা।
নিহত রেল কর্মচারীর নাম সামছুল হক। তিনি এটেনডেন্ট হিসাবে ট্রেনটিতে দায়িত্ব পালন করছিলেন।
আখাউড়া জিআরপি থানার ওসি আবু তাহের খান বাদি হয়ে আখাউড়া জিআরপি থানায় মামলা দায়ের করেছেন। তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে সামছুল হকের ময়না তদন্ত করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, ভোররাতে ট্রেনটি কুমিল্লায় পৌঁছলে ডাকাতরা ট্রেনটিতে উঠে। তারা লুটপাট চালিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্টেশনের আগে ইমামবাড়ি স্টেশনে নেমে যায়। ডাকাতিতে বাধা দিলে এটেনডেন্ট সামছুল হককে(৫০) তারা গলা কেটে হত্যা করে। ট্রেনটি আখাউড়া স্টেশনে এলে পুলিশ সামছুল হকের রক্তাক্ত লাশ উদ্ধার করে।
ট্রেনের যাত্রী চট্টগ্রাম কোতোয়ালি থানার বাসিন্দা মো. হানিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, চট্টগ্রাম ছেড়ে আসা ট্রেনটি ভোররাতে কুমিল্লা পৌঁছে। কুমিল্লা স্টেশন ছাড়ার কিছু সময় পর মুখোশধারী ৮/১০ জন ডাকাত কয়েকটি কামরায় হানা দেয়। তারা যাত্রীদের মারধর করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়।
হানিফ বলেন, "ডাকাতিতে বাধা দিলে ডাকাত দল এটেনডেন্টকে জবাই করে হত্যা করে। ডাকাতদের ছুরিকাঘাতে আবদুর সিকদার নামের এক যাত্রীও আহত হয়। ট্রেনটি ইমামবাড়ি স্টেশনে এলে ডাকাতরা সেখানে নেমে পড়ে। পরে ট্রেনটি আখাউড়া স্টেশনে পৌঁছলে পুলিশ সামছুল হকের রক্তাক্ত লাশ উদ্ধার করে।"
আহত আবদুর সিকদারকে ঢাকায় পাঠানো হয়েছে।
ওই ট্রেনে রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক (জিএম) ইকবাল মোল্লাও ছিলেন। তিনি সাংবাদিকদের বলেন, "আমি তখন ঘুমাচ্ছিলাম। হঠাৎ যাত্রীদের চিৎকার-চ্যাঁচামেচিতে আমার ঘুম ভাঙে। পরে ডাকাতির কথা শুনতে পাই।"
নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার কারণেই ডাকাতি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
আখাউড়ার জিআরপির পুলিশ সুপার নিবাস চন্দ্র মাঝি সাংবাদিকদের জানান, ডাকাতির ঘটনা তদন্তে এক সদস্যের কমিটি গঠন করা হয়েছে। জিআরপির পরিদর্শক ওয়াহিদুজ্জামানকে তদন্তের দায়িত্ব দিয়ে সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
ওয়াহিদুজ্জামান জানান, ডাকাতির বিষয়ে তদন্ত শুরু হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
এদিকে সহকর্মী হত্যার প্রতিবাদে বুধবার সকালে ঢাকার কমলাপুর স্টেশনে বিক্ষোভ করে রেল কর্মচারীরা। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে তারা শান্ত হয়।
কমলাপুর জিআরপি থানার উপ-পরিদর্শক (এস আই) আবদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সহকর্মী খুনের প্রতিবাদে কর্মচারীরা স্টেশনে জমায়েত হয়েছিল। কিন্ত কোনও মিছিল হয়নি। ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে তাদের নিয়ে গেছেন"।
রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা সৈয়দ আবদুল মুকিত টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সহকর্মীর মৃত্যুতে সবার মাঝে অসন্তোষ সৃষ্টি হয়েছে। এ জন্য তারা কমলাপুর স্টেশনে জমায়েত হয়েছিল। কর্মকর্তারা গিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তারা শান্ত হয়।"
স
bdnews24