মঈনুল হক চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স করা, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ও পরীক্ষায় অংশ নেওয়া, সন্তানদের ভর্তি করানো, ব্যাংক হিসাব খোলা, পানি-বিদ্যুৎ-গ্যাস সংযোগ নেওয়া, কোনও প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়া, জমি কিংবা গাড়ি কেনা-বেচা, মামলা করাসহ ২২টি ক্ষেত্রে প্রদর্শন বাধ্যতামূলক করে জাতীয় পরিচয়পত্র আইন হচ্ছে। জাতীয় পরিচয়পত্রে অসত্য তথ্য দেওয়া, তথ্য গোপন, একাধিক পরিচয়পত্র সংগ্রহ করলে জেল-জরিমানার বিধানও রাখা হয়েছে প্রস্তাবিত আইনে।
জাতীয় পরিচয়পত্র প্রণয়নের কাজটি বর্তমানে নির্বাচন কমিশনের অধীনে করা হলেও পরে তা চলে যাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। বর্তমানে শুধু ভোটার হওয়ার যোগ্য নাগরিকদের জাতীয় পরিচয়পত্র দেওয়া হলেও পর্যায়ক্রমে দেশের সব নাগরিককে এর আওতায় আনা হবে।
নির্বাচন কমিশন ও পরিকল্পনা কমিশন এ সংক্রান্ত খসড়াটি তৈরি করে গত বছরের মাঝামাঝিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায়। মন্ত্রণালয়ে পরীক্ষা-নিরীক্ষার পর এটি এখন উপদেষ্টা পরিষদে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. শেখ আব্দুর রশীদ মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দেশের প্রত্যেক নাগরিককে জাতীয় পরিচয়পত্র দেওয়ার লক্ষ্যে 'জাতীয় পরিচয় নিবন্ধন কর্তৃপক্ষ অধ্যাদেশ(এনআইআরএ)' প্রণয়ন হচ্ছে। অধ্যাদেশের প্রস্তাবিত খসড়াটি বর্তমানে উপদেষ্টা পরিষদে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।"
সরকারের সুনির্দিষ্ট সেবা নিতে জাতীয় পরিচয়পত্র প্রদর্শন বাধ্যতামূলক এবং অসত্য তথ্য দেওয়ার জন্য শাস্তির বিধান রাখা হচ্ছে বলে অতিরিক্ত সচিব জানান।
প্রস্তাবিত খসড়ার ৪ নম্বর ধারায় ২২টি সেবা পাওয়ার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে। এগুলো হচ্ছে, পাসপোর্ট প্রাপ্তি ও নবায়ন; ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তি ও নবায়ন; ট্যাক্সপেয়ার আইডেনটিফিকেশন নাম্বার (টিআইএন) প্রাপ্তি; মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকসহ অন্যান্য পাবলিক পরীক্ষায় অংশ নেওয়ার জন্য প্রবেশপত্র প্রাপ্তি; চাকরির জন্য আবেদন; বিজনেস আইডেনটিফিকেশন নাম্বার (বিআইএন) প্রাপ্তি; ব্যাংক হিসাব খোলা; বিভিন্ন ব্যাংক ও ক্ষুদ্র ঋণ সংস্থা থেকে ঋণপ্রাপ্তি; সরকারি বিভিন্ন ভাতা উত্তোলন; ভূমি ও সম্পতি ক্রয়-বিক্রয়;, ট্রেড লাইসেন্স প্রাপ্তি, যানবাহন ক্রয়-বিক্রয়; বিভিন্ন বীমা স্কিমে অংশগ্রহণ; বিয়ে নিবন্ধন; বিভিন্ন নির্বাচনে ভোটার নিবন্ধন; শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি এবং সন্তানকে ভর্তি; গ্যাস-পানি ও বিদ্যুৎ সংযোগের জন্য; টেলিফোন, মোবাইল ফোন, ইন্টারনেট, কেবল টিভি সংযোগের ক্ষেত্রে; সরকার প্রদত্ত বিভিন্ন ভর্তুকি, সাহায্য, সহায়তা প্রাপ্তি; যে কোনও আদালতে যে কোনও ধরনের মামলা, আপিল, পিটিশন ইত্যাদি দায়েরের ক্ষেত্রে; শেয়ার আবেদন ও বিও একাউন্ট খোলার জন্য এবং সরকার কর্তৃক সময়ে সময়ে নির্ধারিত অন্যান্য সেবা।
৩৬টি ধারা সম্বলিত প্রস্তাবিত খসড়া অধ্যাদেশের ২৯ ধারায় বলা হয়েছে, "কোনও ব্যক্তি (কতিপয় উপধারা) বিধান লঙ্ঘন করিলে তিনি এ অধ্যাদেশের অধীনে অপরাধ করিয়াছেন বলিয়া গণ্য হইবেন এবং উক্ত অপরাধের জন্যে অনূর্ধ্ব ৬ মাস পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড অথবা সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন।"
আর ২৯ ধারার উপধারায় বলা হয়েছে, কোনও ব্যক্তি অসত্য তথ্য দেবেন না, কোনও তথ্য গোপন করবেন না, একাধিক পরিচয়পত্র নেবেন না, অসত্য তথ্য সম্বলিত পরিচয়পত্র বহন করবেন না ইত্যাদি।
প্রস্তাবিত খসড়ায় বলা হয়েছে, কোনও ব্যক্তি পরিচয়পত্র পাওয়ার অযোগ্য প্রমাণিত হলে, একাধিক পরিচয়পত্র পেলে, ভুল তথ্য দেওয়ার বিষয়টির প্রমাণিত হলে, অসৎ উদ্দেশ্যে তথ্য পরিবর্তন করলে, জালিয়াতি বা নকল পরিচয়পত্র তৈরি করলে এবং পরিচয়পত্রধারী মারা গেলে ওই নির্দিষ্ট ব্যক্তির জাতীয় পরিচয়পত্র বাতিল হয়ে যাবে।
বর্তমানে 'ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র প্রণয়ন প্রকল্প'র আওতায় নির্বাচন কমিশনের অধীনে জাতীয় পরিচয়পত্র তৈরি ও বিতরণের কাজ চলছে। আলাদা কর্তৃপক্ষ গঠিত হওয়ার পর তা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চলবে।
প্রস্তাবিত খসড়ায় বলা হয়েছে, অধ্যাদেশের অধীন জাতীয় তথ্য ভাণ্ডার ও নিবন্ধন কর্তৃপক্ষ (ন্যাশনাল রেজিস্ট্রেশন অ্যান্ড ডাটাবেজ অথরিটি, ২০০৭-এনআরডিএ)' প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ইসির অধীনে গৃহীত ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন প্রকল্পের ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র দুটি স্বয়ংসম্পূর্ণ অংশ কর্তৃপক্ষ ও ইসির যৌথ প্রকল্প বলে গণ্য হবে। প্রাথমিক পর্যায়ে ইসি এ প্রকল্প বাস্তবায়ন করবে। কর্তৃপক্ষ গঠিত হওয়ার পর বাংলাদেশ নির্বাচন কমিশন 'জাতীয় পরিচয়পত্র' অংশের তথ্য কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করবে।
প্রাথমকিভাবে এ কর্তৃপক্ষের নাম 'এনআরডিএ' স্থির করা হলেও পরে নাম পরিবর্তন করে জাতীয় পরিচয় নিবন্ধন কর্তৃপক্ষ (এনআইআরএ) করা হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক জন কর্মকর্তা।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শেখ আব্দুর রশীদ বলেন, "ইসি এখন কাজটি বাস্তবায়ন করছে। তবে গঠিতব্য কর্তৃপক্ষ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগী সংস্থা হিসাবে কাজ করবে।"
চলমান প্রকল্পের অধীনে বর্তমানে ভোটার হওয়ার যোগ্যদের জাতীয় পরিচয়পত্র দেওয়া হলেও পর্যায়ক্রমে দেশের সব নাগরিককে এ কার্যক্রমের আওতায় আনা হবে বলে জানান শেখ আব্দুর রশীদ।
প্রস্তাবিত খসড়ার ৩৬ নম্বর ধারার উপধারা ৩-এ বলা হয়েছে, "ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন প্রকল্প চলাকালে ২০০৮ সালের ১ জানুয়ারি তারিখে ১৮ বছর এবং তদূর্ধ্ব বয়সের বাংলাদেশের কোনও নাগরিককে যে ঠিকানায় ভোটার হিসাবে তালিকাভুক্ত করা হয়েছে, তাকে ওই স্থানে পরিচয়পত্র প্রদান করা হবে এবং সেই ঠিকানায় ব্যক্তিগত পরিচিতি নম্বর (পিআইএন) দেওয়া হবে। প্রকল্পের আওতায় ১৮ বছর এবং তদূর্ধ্ব বয়সের ভোটারদের ভোটার তালিকা তৈরির জন্য সংগৃহীত তথ্য এ অধ্যাদেশের অধীন নাগরিক নিবন্ধন ও পরিচয়পত্র প্রদানের জন্য সংগৃহীত তথ্য হিসাবে গণ্য হবে।"
প্রস্তাবিত আইনে কতিপয় বিধানের প্রয়োগ স্থগিত করায় সরকারকে ক্ষমতা দেওয়া হয়েছে প্রস্তাবিত অধ্যাদেশে। বিশেষ করে কোনো নির্দিষ্ট বয়সের নাগরিক, কোনো ব্যক্তি বা শ্রেণী, কোনো নির্দিষ্ট এলাকার নাগরিক এবং এক বা একাধিক সেবার ক্ষেত্রে অধ্যদেশের অধীন নিবন্ধন হওয়া থেকে অব্যাহতি প্রদান করতে পারবে সরকার।
বর্তমানে জাতীয় পরিচয়পত্র প্রদানকারী প্রতিষ্ঠান নির্বাচন কমিশন প্রস্তাবিত খসড়ার বিষয়ে তাদের মতামত দিয়েছে।
নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত অধ্যাদেশটির খসড়ার ওপর নির্বাচন কমিশনের পক্ষ থেকে সুনির্দিষ্ট প্রস্তাব ইতোমধ্যে দেওয়া হয়েছে।"
২০০৭ সালের জুলাই মাসে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ড. এটিএম শামসুল হুদার সভাপতিত্বে নির্বাচন কমিশনে অনুষ্ঠিত এক সভায় ইসি ও পরিকল্পনা কমিশনের তৈরি করা খসড়াটি উপস্থাপন করা হয়। ওই সভায় নির্বাচন কমিশনার ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন, ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন ও জাতীয় পরিচয়পত্র প্রকল্পের 'জাতীয় স্টিয়ারিং কমিটি'র সদস্য মেজর জেনারেল শফিকুল ইসলাম (সামরিক সচিব-সেনা সদর), প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শাহাদত হোসেন চৌধুরীসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ দেশি-বিদেশি পরামর্শক উপস্থিত ছিলেন।
ছবিসহ ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র প্রণয়ন প্রকল্পের কাজ গত বছরের জুন মাসে মাসে শুরু হয়। ৩৪৫ কোটি টাকার এ প্রকল্পে ইউএনডিপিসহ বিভিন্ন দাতা সংস্থা সহায়তা করছে।
নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আসাদুজ্জামান মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৭ মার্চ পর্যন্ত সারাদেশের সম্ভাব্য ৮ কোটি ভোটারের মধ্যে নিবন্ধিত হয়েছেন ৪ কোটি ৪৫ লাখ ১২ হাজার ৫৩৩ জন। এর মধ্যে ৮২ লাখ ৬২ হাজার ৭০৫ জনের জাতীয় পরিচয়পত্র তৈরি হয়েছে এবং ৫৪ লাখ ৯১ হাজার ৭৯৮ জনকে তা দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/এমএ/১৭৫৭ঘ.
bdnews24