সাভার, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জের ঘিওর উপজেলা থেকে সোমবার রাতে ৭০ কেজি ওজনের একটি কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার করেছে র্যাব। গ্রেপ্তার করা হয়েছে মতিয়ার রহমান নামের এক ব্যক্তিকে।
র্যাব-৪ সাভার ক্যাম্পের লেফটেন্যান্ট কমান্ডার আরিফুল ইসলাম জানান, একমাস আগে সোর্স মারফত এই শিবলিঙ্গটির খবর পেয়ে র্যাবের একটি দল মানিকগঞ্জ জেলার ঘিওর থানার বামনা গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে মতিয়ার রহমানের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলে। পরে র্যাব কমান্ডার এএসপি মোহাম্মদ সুলাইমান ক্রেতা সেজে মুর্তিটি দেখে আসেন। দাম ঠিক হওয়ার পর মূর্তি আনার কথা বলে সোমবার সন্ধ্যায় সাদা পোশাকধারী র্যাবের একটি দলসহ ওই বাড়ি যায়। মতিয়ার রহমান রান্না ঘরের পাশে মাটির নিচ থেকে শিবলিঙ্গটি এনে তাদের কাছে দেন। এ সময় র্যাব সদস্যরা তাকে গ্রেপ্তার করে।
আমাদের মানিকগঞ্জ প্রতিনিধি ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে নিয়োজিত উপ-পরিদর্শক রঞ্জিৎ কুমার দাসের উদ্ধৃতি দিয়ে জানান, মঙ্গলবার বিকালে মতিয়ার রহমানকে শিবলিঙ্গটিসহ ঘিওর থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় র্যাব-৪ এর কর্মকর্তা উপ-পরিদর্শক মো. কামরুল ইসলাম মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৭৪৯ ঘ.
bdnews24