ঢাকা, মার্চ ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাত কোটি বাঙালির রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির ব্যাপারে আর কোনো আপস নয় বলে সাফ জানিয়ে দেন বঙ্গবন্ধু শেখ মুিুজবুর রহমান।
১৯৭১ সালের মার্চ মাসের এদিন ধানমন্ডির বাসভবনে বিদেশি সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাতকারে তিনি একথা বলেন।
অপর এক বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশে জনগণের ইচ্ছা-অনিচ্ছাই আজ শেষ কথা। যারা মনে করেছিলেন শক্তির দাপটে আমাদের উপর তাদের মতামত চাপিয়ে দিবেন, বিশ্বের দরবারে তাদের চেহারা আজ নগ্ন হয়ে ধরা পড়েছে।
বিবৃতিতে তিনি পাকিস্তান সরকার কর্তৃক বিদেশি বিশেষজ্ঞদের বিতাড়নের তীব্র প্রতিবাদ করে বলেন, বিদেশি বিশেষজ্ঞদের বাংলাদেশ ছেড়ে যাওয়ার জন্য ভয় দেখানো হচ্ছে।
স্বাধীনতার প্রস্তুতি হিসেবে এসময় প্রতিদিনই চলছিল মিছিল, সমাবেশ। অবজ্ঞা করা হচ্ছিল পাকিস্তান সরকারের জারি করা নানা নিয়মকানুন। এমনকি কোনো আদেশ-নির্দেশই মানা হাচ্ছিল না কোথাও। একমাত্র সেনা ছাউনি ছাড়া পূর্ব পাকিস্তানের সর্বত্র ছিল তখন বাঙালির নিয়ন্ত্রণে।
১৯৭১ সালের এ দিনেই নারায়ণগঞ্জের কারাগার ভেঙে ৪০ কয়েদি পালিয়ে যান। পালানোর সময় কারারক্ষী ও কয়েদিদের মধ্যে বন্দুকযুদ্ধে আহত হন ২৭ জন। সামরিক কর্তৃপক্ষ বাধ্য হয়ে রাজশাহী শহরের অনির্দিষ্টকালের জন্য জারি করা রাত্রিকালীন কারফিউ তুলে নেয়।
এদিকে আতাউর রহমান খানের সভাপতিত্বে অনিুষ্ঠত 'বাংলা জাতীয় লীগ' কার্যকর কমিটির এক সভায় বঙ্গবন্ধুর প্রতি স্বাধীন বাংলার অন্তবর্তীকালীন সরকার গঠনের আহবান জানানো হয়।
ছাত্রলীগ সভাপতি নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হল প্রাঙ্গণে কেন্দ্রীয় ছাত্রলীগের উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস মাখন।
পরে ছাত্রলীগ ডাকসু নেতাদের স্বাক্ষর করা স্বাধীন বাংলাদেশ ছাত্রসংগ্রাম পরিষদের এক বিবৃতিতে বাঙালি সৈন্য, ইপিআর ও পুলিশ বাহিনীর সদস্যদের পাকিস্তানি সরকারকে সহযোগিতা না করার আহবান জানানো হয়।
১০ই মার্চ বিকেলে ওয়ালিপন্থি ন্যাপের উদ্যোগে ঢাকা নিউ মার্কেট এলাকায় এক পথসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অধ্যাপক মোজাফফর আহমদ।
এছাড়া লেখক-শিল্পী মুক্তি সংগ্রাম পরিষদের ব্যানারে বাঙালি লেখক ও শিল্পীরা রাজধানীতে বিক্ষোভ মিছিল করেন। ছাত্র ইউনিয়নের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ শেষে এক মিছিল বের করা হয়। ফরোয়ার্ড স্টুডেন্ট ব্লক বায়তুল মোকাররম প্রাঙ্গণে জনসমাবেশের আয়োজন করে।
সিভিল সার্ভিসের দ্বিতীয় শ্রেণীর কর্মচারীরা একসভায় মিলিত হয়ে বঙ্গবন্ধুর নির্দেশ মেনে চলার আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেন। নিউইয়র্ক প্রবাসী বাঙালি ছাত্ররা এদিন জাতিসংঘ সদর দফতরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। নিরস্ত্র বাঙালি নিধন বন্ধ করতে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করে জাতিসংঘ মহাসচিব উথান্টের কাছে স্মারকলিপিও দেওয়া হয়।
এদিকে গনঐক্যের নেতা এয়ার মার্শাল আসগর খান বঙ্গবন্ধু ও অন্য নেতাদের সঙ্গে আলোচনা শেষে এদিন করাচি ফিরে যান। করাচিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ন্যাপ প্রধান ওয়ালি খান বন্ধবন্ধুর সঙ্গে আলোচনার জন্য ১৩ মার্চ ঢাকায় আসার কথা জানান। করাচিতে ওয়ালি ন্যাপের পশ্চিম পাকিস্তান শাখার মহাসচিব মীর গাউস বখস বেজেঞ্জো এক বিবৃতিতে জানান, বঙ্গবন্ধুর মুক্তির অসহযোগ আন্দোলনের প্রস্তাবের সঙ্গে কেবল বাংলাদেশই নয়, বরং সিন্ধু, সীমান্ত প্রদেশ বেলুচিস্তান ও পাঞ্জাবের জনগণের আশা-আকাক্সক্ষারও প্রতিফলন ঘটেছে।
লাহোরের সাবেক পিডিএম প্রধান নওয়াবজাদা নসরুল্লাহ খান জাতীয় পরিষদের অধিবেশনে যোগদানের জন্য বঙ্গবন্ধুর দেওয়া পূর্বশর্তের সঙ্গে একমত পোষণ করেন। লাহোর কাউন্সিল মুসলিম লীগ প্রধান মিয়া মমতাজ মোহাম্মদ খান দৌলতানা এক বিবৃতিতে বলেন, প্রেসিডেন্ট ইয়াহিয়ার উচিত ঢাকায় গিয়ে বঙ্গবন্ধুর সঙ্গে আলোচনায় বসা।
এইদিনেই তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা 'দৈনিক পাকিস্তান' অবিলম্বে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের আহবান জানিয়ে সম্পাদকীয় প্রকাশ করে। কোন প্রকার বিলম্ব না করে জনগণের দাবিও মেনে নেয়ার কথা বলা হয়। ইংরেজি দৈনিক 'দ্য পিপল' পিপলস পার্টির নেতা জুলফিকার আলী ভুট্টোর সমালোচনা করে সম্পাদকীয় প্রকাশ করে।
বঙ্গবন্ধুর নির্দেশে সারা বাংলায় অসহযোগ অব্যাহত থাকলেও দেশের অর্থনৈতিক কাঠামো সচল রাখার জন্য অসহযোগ সম্পর্কিত কিছু সংশোধনী ঘোষণা করেন তাজউদ্দিন আহমেদ। এতে অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে কিছুটা ছাড় দেয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/জিএনএ/১২৪৭ ঘ.
bdnews24