২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদত্যাগের দাবি ইসির কাজে প্রভাব ফেলবে না: সিইসি

পদত্যাগের দাবি নির্বাচন কমিশনের কার্যক্রমে কোনও প্রভাব ফেলবে না জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা বলেছেন, "আমরা নির্বাচনের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এর মধ্যে বহু রকম কথা আসবে। তা নিয়ে আমরা বিভ্রান্ত হতে চাই না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2008, 10:42 AM

Updated : 26 Aug 2022, 01:31 PM

ঢাকা, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পদত্যাগের দাবি নির্বাচন কমিশনের কার্যক্রমে কোনও প্রভাব ফেলবে না জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা বলেছেন, "আমরা নির্বাচনের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এর মধ্যে বহু রকম কথা আসবে। তা নিয়ে আমরা বিভ্রান্ত হতে চাই না। এ সব কথায় কমিশনের কাজে কোনও প্রভাব পড়ছে না।" সিইসির পদত্যাগ চেয়ে বিএনপির একাংশের দাবির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রোববার সিইসি এ কথা বলেন। বিএনপির যুগ্ম মহাসচিব ও খালেদাপন্থী হিসাবে পরিচিত অংশের নেতা গয়েশ্বর চন্দ্র রায় শনিবার বলেছিলেন, "বিভিন্ন বিষয়ে পক্ষপাতমূলক বক্তব্য দিয়ে সিইসি নিরপেক্ষতা হারিয়েছেন। তার উচিৎ স্বেচ্ছায় পদত্যাগ করা।" চলতি বছরের মধ্যেই সংসদ নির্বাচন হবে- এ কথা পুনর্বার জানিয়ে সিইসি শামসুল হুদা রোববার তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, "আমাদের লক্ষ্য একটাই, সেটা হচ্ছে ২০০৮ সালের মধ্যে নির্বাচন করা। আমরা সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।" সংসদ নির্বাচনের আগে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোর বিরোধিতার বিষয়ে সিইসি বলেন, "উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে দলগুলোর পক্ষ থেকে আপত্তি আসছে বলে মনে হয়। সরকারের কাছ থেকে এ নির্বাচন করার বিষয়ে এখনও কোনও চিঠি পাইনি। এ নির্বাচন কিভাবে করব, এটি সংসদ নির্বাচনের আগে হবে, না সংসদ নির্বাচনের সঙ্গেই হবে; তা চিঠি পেলে তখন দেখা যাবে।" একই সঙ্গে সিইসি বলেন, "তবে মেয়াদোত্তীর্ণ সিটি করপোরেশন ও পৌরসভার নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর কোনও আপত্তি আছে বলে মনে হয় না।" দেশে উপজেলা পরিষদ পদ্ধতি প্রবর্তিত হয় ১৯৮৫ সালে। ওই বছরের ১৬ থেকে ২০ মে পর্যন্ত সারাদেশে ৪৮২টি উপজেলা নির্বাচন হয়। এ সব উপজেলা পরিষদে সর্বশেষ নির্বাচন হয় ১৯৯০ সালে। ১৯৯০ সালের ডিসেম্বরে এরশাদ সরকারের পতনের পর উপজেলা ব্যবস্থার ভাগ্য অনিশ্চিত হয়ে পড়ে। ১৯৯১ থেকে ১৯৯৬ পর্যন্ত বিএনপি সরকার উপজেলা নির্বাচনের বিষয়ে কোনও আগ্রহ দেখায়নি। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ১৯৯৮ সালের ৩ ডিসেম্বর প্রণয়ন করা হয় উপজেলা আইন। প্রজ্ঞাপনের মাধ্যমে ১৯৯৯ সালের ১ ফেব্র"য়ারি এই আইন বলবৎ হয়। আইনে প্রজ্ঞাপন জারির ১৮০ দিনের মধ্যে উপজেলা নির্বাচন অনুষ্ঠানের কথা বলা হয়। কিন্তু সে সময় নির্বাচন হয়নি। পরে ২০০১ সালে সরকার আইনটিতে সংশোধনী আনে। সংশোধিত আইনে ১৮০ দিনের পরিবর্তে প্রজ্ঞাপন জারির ৩৩০ দিনের মধ্যে নির্বাচনের কথা বলা হয়েছে। ২০০৭ সালের ১৫ জুলাই বর্তমান নির্বাচন কমিশনের রোডম্যাপ ঘোষণার মধ্য দিয়ে নতুন করে উপজেলা নির্বাচনের সম্ভাবনা দেখা দেয়। রোডম্যাপে বলা হয়েছে, নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিআর/এমআই/১৫৪১ ঘ.