২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার মুক্তি চেয়ে ঢাবিতে ছাত্রদলের মৌন মিছিল

খালেদা জিয়ার মুক্তির দাবিতে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মৌন মিছিল ও মানববন্ধন করেছে ছাত্রদল। জরুরি অবস্থা প্রত্যাহার করে দ্রুত নির্বাচনের ঘোষণারও দাবি জানিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2008, 02:56 PM

Updated : 26 Aug 2022, 01:30 PM

ঢাকা, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার মুক্তির দাবিতে শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মৌন মিছিল ও মানববন্ধন করেছে ছাত্রদল। জরুরি অবস্থা প্রত্যাহার করে দ্রুত নির্বাচনের ঘোষণারও দাবি জানিয়েছে তারা। বেলা ১২টার দিকে মধুর ক্যান্টিন থেকে মৌন মিছিল বের করে ছাত্রদল। মিছিল শেষে অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করেন নেতাকর্মীরা। এ সময় সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু সাংবাদিকদের বলেন, "মিথ্যা মামলা দিয়ে নেত্রীকে আটক রাখা হয়েছে। তাকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করছে সরকার।" খালেদা জিয়া, তার বড় ছেলে তারেক রহমান, ছাত্রদল সভাপতি আজিজুল বারী হেলালসহ রাজবন্দিদের মুক্তি দাবি করেন তিনি। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শফিউল বারী বাবু, বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসান মামুন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, যুগ্ম সম্পাদক আকরামুল হাসান এ সময় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এএল/জেকে/এমএইচবি/২০৫০ ঘ.