জাহাঙ্গীর কবির জুয়েল, ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহ, মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কষ্টে কষ্টেই জীবন কেটে যাচ্ছে মুক্তিযোদ্ধা আলাউদ্দিনের। ৬৫ বছর বয়সে এসে তার মনে হয়, ছেলেমেয়ে নিয়ে পেটভরে দুটো ডালভাত খেয়ে দিন পার করতে পারলেই সুখী হতেন। ক্ষীণ দৃষ্টির কারণে ঘড়ি মেরামতের কাজ ছেড়ে দিয়ে অভাবী দিন পার করেন। গত দুবছর ধরে দুপুরে চুলায় হাড়ি বসে না। তার সঙ্গে কথা বলেছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ময়মনসিংহ প্রতিনিধি জাহাঙ্গীর কবির জুয়েল।
আলাউদ্দিন জানান, তার গ্রামের বাড়ী কিশোরগঞ্জের কটিয়াদীতে। একাত্তরে তিনি যুদ্ধ করেছেন গছিয়াহাটাসহ কিশোরগঞ্জের বেশ কয়েকটি স্থানে। সে সময়েও তার পেশা ছিল বিকল ঘড়ি মেরামত করা। যুদ্ধের পর তিনি পুরনো পেশাতেই ফিরে যান। বিয়ে করেন।
এ সব কথা বলতে বলতে দীর্ঘশ্বাস ফেলেন। তিনি বলেন, "অভাবের সংসার আমার। সাত ছেলে মেয়ের কখনো পেট ভরে খাওয়া হয়নি। গত দুবছর ধরে দুপুরেও আর ভাত খাওয়া হয় না। সকালে একবার নাস্তা খাই। আর ভাত খাই রাতে। দুপুরে পুরি, চা-বিস্কুট খেয়েই থাকি।"
ছেলে- মেয়েদের মধ্যে বড় মেয়েটিকে তিনি উচ্চ মাধ্যমিক পাশ করাতে পেরেছেন। আর তার একেবারে ছোট ছেলেটি এখন পড়ছে ৩য় শ্রেণীতে। ময়মনসিংহ শহরের বলাশপুর মুক্তিযোদ্ধা পল্লীতে থাকেন। দীর্ঘ সময় তিনি ঘড়ি মেরামতের পেশাতেই ছিলেন। কিন্তু গত দুই বছর ধরে চোখে কম দেখার কারণে এখন আর তিনি এই কাজ করতে পারেন না। ঘড়ি মেরামতের কাজ ছেড়ে দেওয়ার পর থেকে তার সংসারে চরম অভাব নেমে আসে।
সংসার কিভাবে চলছে জানতে চাইলে আলাউদ্দিন বলেন, "যেখানে থাকেন সেখানে একটি ছোট লাকড়ির দোকান দিয়েছেন। তার স্ত্রী আর সন্তানেরা মিলে দোকানটি চালায়। কিন্তু পুঁজির অভাবে দোকানটিও খুব ভালো চলে না।"
তিনি আরো বলেন, বড় কষ্ট করে বড় মেয়েটিকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়া লেখা করিয়েছেন। মেয়েটির একটি ছোট চাকরি হলেও উপকৃত হতাম। কষ্টে কষ্টেই জীবন পার হল। ছেলে-মেয়ে নিয়ে পেটভরে দুটো ডালভাত খেয়ে দিন পার করতে পারলেই নিজেকে সুখী মনে করতাম।
যুদ্ধাপরাধীদের আস্ফালন দেখে আলাউদ্দিন ক্ষুব্ধ হন। তিনি বলেন, "এদের বিচার দেখে যেতে পেলে শান্তি পেতাম।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/এমএ/১৭২০ ঘ.
bdnews24