ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সবচেয়ে বড় বাজার সৌদি আরবে জনশক্তি রপ্তানি বন্ধ হয়ে গেলে দেশের অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে বলে আশংকা করছেন রপ্তানিকারক ও বিশেষজ্ঞরা।
বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে বাংলাদেশ শিল্প বণিক সমিতি (এফবিসিসিআই) আয়োজিত ''জনশক্তি রপ্তানির সমস্যা ও সম্ভাবনা''-শীর্ষক সেমিনারে তারা এ অভিমত ব্যক্ত করেন।
তবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব কারিগরী ত্র"টিকে সমস্যার জন্য দায়ী করে শিগগিরই তা ঠিক হয়ে যাবে বলে আশ্বাস দেন।
বাংলাদেশ জনশক্তি রপ্তানিকারক সমিতির (বায়রা) সাবেক সভাপতি মোশাররফ হোসেন বলেন, সৌদি আরবে জনশক্তি রপ্তানি বন্ধ হয়ে গেলে দেশের অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে। কেননা, বিদেশে দেশের মোট জনশক্তির অর্ধেকের বেশি রয়েছে সৌদি আরবেই। গত অর্থবছরে দেশে যে ৬ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছে তার সিংহভাগই পাঠিয়েছেন সেদেশে কর্মরতরা।
মোশাররফ হোসেন বলেন, বিভিন্ন এজেন্সি প্রায় দেড় লাখ শ্রমিকের রপ্তানি আদেশ নিয়ে বসে আছে। ভিসা না পাওয়ার কারণে জনশক্তি রপ্তানি করতে পারছে না।
জরুরিভিত্তিতে সৌদি সরকারের সঙ্গে আলোচনা করে এ সমস্যা সমাধানের জন্য তিনি সরকারের প্রতি অনুরোধ জানান।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব আব্দুল মতিন বলেন, '' জনশক্তি রপ্তানি বন্ধের বিষয়ে লিখিতভাবে সৌদি সরকার বাংলাদেশ সরকারকে কিছু জানায়নি। তবে আমরা আমাদের দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে জেনেছি সেদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কম্পিউটার সার্ভারে টেকনিক্যাল সমস্যার সৌদি সরকার বাংলাদেশসহ সব দেশ থেকে জনশক্তি আমদানি সাময়িক বন্ধ রেখেছে। খুব শিগগিরই এ সমস্যার সমাধান হবে।''
সচিব বলেন, সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।
জনশক্তি রপ্তানির সর্বক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করার পরামর্শ দিয়ে তিনি বলেন, রপ্তানিকারক এজেন্সিগুলোকে নিজেদের মধ্যে প্রতিযোগিতা না করে অন্য দেশের সঙ্গে প্রতিযোগিতা করে টিকে থাকতে হবে। সচিব শ্রমিকরা চুক্তি অনুযায়ী বেতন-ভাতা পাচ্ছে কিনা তা নিশ্চিত করতে দায়িত্বশীল ভূমিকা রাখার তাগিদ দেন। তিনি বলেন, প্রয়োজনের অতিরিক্ত টাকা নিয়ে শ্রমিক রপ্তানি করে টাকা বানানোর মানসিকতা পরিবর্তন করতে হবে।
বায়রার সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা গোলাম মোস্তফা বলেন, গত বছর আট লাখ লোক বিদেশে গেছে। ইউরোপ, কানাডাসহ বিভিন্ন দেশে বাংলাদেশের জনশক্তির ব্যাপক চাহিদা রয়েছে। এ সুযোগ কাজে লাগাতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের জন্য তিনি সরকারের কাছে অনুরোধ জানান।
সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন এফবিসিসিআই-এর সচিব সৈয়দ জামালউদ্দিন, পরিচালক মীর মনিরুজ্জামান প্রমুখ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বায়রার সদস্য আব্দুল আলিম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসকে/২২০৭ঘ.
bdnews24