ঢাকা মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) নিয়োগের ক্ষেত্রে কোটা ব্যবস্থা বহাল রেখে তা পুনর্বিন্যাসের সুপারিশ করা হয়েছে।
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) উদ্যোগে রেগুলেটরি রিফর্ম কমিশনের চেয়ারম্যান ড. আকবর আলী খান ও সাবেক সচিব কাজী রকিব উদ্দিন আহমেদ পরিচালিত সমীক্ষায় এ সুপারিশ করা হয়। বৃহস্পতিবার সমীক্ষা প্রতিবেদনটি পিএসসি চেয়ারম্যান ড. সা'দত হুসাইনের কাছে হস্তান্তর করা হয়েছে।
ড. আকবর আলী খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা একটি গবেষণা প্রতিবেদন পিএসসি চেয়ারম্যান এর কাছে হস্তান্তর করেছি। এ বিষয়ে পিএসসি যথাযথ ব্যবস্থা নেবে।"
পিএসসি চেয়ারম্যান ড. সা'দত হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সমীক্ষা প্রতিবেদনে কোটা ব্যবস্থা বহাল রেখে তা পূনর্বিন্যাসের কথা বলা হয়েছে। এ ছাড়া প্রতিবেদনটিতে আরও কয়েকটি বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিবেদনের বিস্তারিত দেখার পর জনমত যাচাই করে তারপর করণীয় ঠিক করা হবে।"
বর্তমানে বিসিএস এ ৪৫ ভাগ মেধার ভিত্তিতে এবং ৫৫ ভাগ কোটার মাধ্যমে নিয়োগ দেওয়া হয়। কোটার মধ্যে ৩০ ভাগ মুক্তিযোদ্ধা, ১০ ভাগ জেলা, ১০ ভাগ নারী ও ৫ ভাগ উপজাতি কোটা রয়েছে।
বেশ কিছুদিন ধরেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোটা পদ্ধতি নিয়ে পক্ষে-বিপক্ষে আন্দোলন চলছে।
প্রতিবেদনে বাংলাদেশে কোটা পদ্ধতির প্রেক্ষিত, এর বর্তমান অবস্থা বর্ণনার পাশাপাশি কোটা পদ্ধতি যৌক্তিক করার সুপারিশ রয়েছে।
পিএসসি ছাড়াও মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব ও সংস্থাপন সচিবের কাছে প্রতিবেদনটি পাঠানোর কথা রয়েছে।
তবে প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব কাজী মো. আমিনুল ইসলাম সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তখনো তারা প্রতিবেদন পাননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউএ/এএল/এসএনডি/২১৩৫ ঘ.
bdnews24