ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্বাধীকার আন্দোলনের লাগাতার হরতালে অচল হয়ে পড়ে গোটা প্রদেশ। এরই মধ্যে ১৯৭১ সালের ৬ মার্চ ঢাকায় পালিত হয় অর্ধদিবস হরতাল। মিছিলের শহরে পরিণত হয় নগরী। একইসঙ্গে ৭ই মার্চের বঙ্গবন্ধুর প্রস্তাবিত ভাষণ সম্পর্কে পূর্ব পাকিস্তানের সর্বত্র দিনব্যাপী চলতে থাকে নানা জল্পনা-কল্পনা।
এই দিনে দুপুর ১টা ৫ মিনিটে রেডিও পাকিস্তানের এক বিশেষ জাতীয় অনুষ্ঠানে ইয়াহিয়া খান জাতির উদ্দেশে ভাষণ দেন। ভাষণে ২৫ মার্চ জাতীয় পরিষদের উদ্বোধনী অধিবেশন আহবানের সিদ্ধান্ত ঘোষণা করেন। একইসঙ্গে তিনি এ ভাষণে পূর্ব পাকিস্তানের জনসাধারণকে 'দুস্কৃতকারী' হিসেবে আখ্যায়িত করেন।
একই সঙ্গে পূর্ব পাকিস্তানের গভর্নর ভাইস অ্যাডমিরাল এসএম আহসানকে অপসরিত করেন ইয়াহিয়া। তার স্থলে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয় লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খানকে।
এদিন ঢাকা ও নারায়ণগঞ্জে স্বত:স্ফূর্ত প্রতিবাদ মিছিল বের হয়। টঙ্গীতে সেনাবাহিনীর হত্যাকাণ্ডের প্রতিবাদে অনুষ্ঠিত হয় বিরাট শ্রমিক সভা ও বিক্ষোভ মিছিল।
এ ঘোষণার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আওয়ামী লীগের কেন্দ্রীয় ও ওয়ার্কিং কমিটির এক যুক্ত জরুরি সভায় দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনা হয়।
৭ মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু কী ভাষণ দেবেন তা শোনার জন্য সারাদেশ ও আন্তর্জাতিক মহল অধীর আগ্রহে অপেক্ষা করছিল। ৭ মার্চের জনসভায় বঙ্গবন্ধু কী ঘোষণা দিবেন তা ঠিক করতে বঙ্গবন্ধু দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে এবং স্বাধীন বাংলা নিউক্লিয়াসের সঙ্গে বৈঠক করেন।
৬ মার্চ কেন্দ্রীয় কারাগারে সেনাবাহিনীর গুলিতে প্রাণ হারায় ৭ জন কয়েদি এবং আহত হন ৩০ জন। খুলনায় সেনাবাহিনীর গুলিতে নিহত হন ১৮ জন এবং আহত হন ৬৪ জন। এই দিনেও দেশে সর্বাত্মক হরতাল পালিত হয়।
এদিন বঙ্গবন্ধুর নির্দেশে কাজে যোগদান থেকে বিরত থাকেন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। তবে দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ব্যাংক ও বেসরকারি অফিস বেতন দেওয়ার জন্য খোলা থাকে।
সন্ধ্যায় ছাত্রলীগ মশাল শোভাযাত্রা বের করে। শিল্পী, সাংবাদিক, শিক্ষক, ছাত্র ইউনিয়ন (মতিয়া গ্র"প), গণশিল্পী গোষ্ঠী, উদীচী, স্বজনী ও ফরোয়ার্ড স্টুডেন্টস ব্লক এবং বাংলা ন্যাশনাল লীগের উদ্যোগেও পৃথক সমাবেশ ও মিছিল হয়। মহিলা আওয়ামী লীগের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত সমাবেশে বাঁশের লাঠি, লোহার রড ও কালো পতাকা নিয়ে উপস্থিত হয় নারীরা।
বিকেলে বায়তুল মোকাররম প্রাঙ্গণে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে অনুষ্ঠিত হয় সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ।
ছাত্রলীগ ও ডাকসু নেতারা এক বিবৃতিতে ৭ মার্চ রেসকোর্স ময়দান থেকে বঙ্গবন্ধুর ভাষণ সরাসরি প্রচারের দাবি জানান। শহর জুড়ে সভার মাইকিং করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/জিএনএ/১৩৫৬ ঘ.
bdnews24