২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে প্রভাতীর সভাপতি উধাও, প্রধান কার্যালয় ও বাড়িতে হামলা

সদর উপজেলার নশরতপুরে মঙ্গলবার প্রভাতী গ্রামীণ উন্ন য়ন সংস্থা নামের স্থানীয় একটি বেসরকারি সংস্থার সভাপতি পালিয়ে যাওয়ার ঘটনায় বিক্ষুব্ধ সদস্যরা সংস্থার প্রধান কার্যালয় এবং তার বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করেছে। তারা স্থানীয় ইউপি চেয়ারম্যানকে পাঁচ ঘন্টা জিম্মি করে রাখে। পরিস্থিতি সামাল দিতে র‌্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2008, 03:50 PM

Updated : 26 Aug 2022, 01:29 PM

নাটোর, মার্চ ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সদর উপজেলার নশরতপুরে মঙ্গলবার প্রভাতী গ্রামীণ উন্ন য়ন সংস্থা নামের স্থানীয় একটি বেসরকারি সংস্থার সভাপতি পালিয়ে যাওয়ার ঘটনায় বিক্ষুব্ধ সদস্যরা সংস্থার প্রধান কার্যালয় এবং তার বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করেছে। তারা স্থানীয় ইউপি চেয়ারম্যানকে পাঁচ ঘন্টা জিম্মি করে রাখে। পরিস্থিতি সামাল দিতে র‌্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রতারণায় ঘটনায় প্রভাতী ও ফ্রিডম উন্নয়ন সংস্থার বিরুদ্ধে নাটোর মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে পাঁচটি মামলা হয়েছে। হাকিম মো. শরীফ উদ্দিন মামলা রেকর্ড করা জন্য নলডাঙ্গা থানাকে নির্দেশ দিয়েছেন। এর আগে ফ্রিডমের সদস্যরা আরও তিনটি মামলা করেছে। প্রতারণার অভিযোগে সংস্থাটির পাঁচ কর্মকর্তা আটক রয়েছেন। নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ে সোমবার সন্ধ্যায় জরুরি সভায় প্রভাতী গ্রামীণ উন্নয়ন সংস্থার সভাপতি আজাহার আলীকে পুলিশ হেফাজতে রেখে গ্রাহকদের টাকা ফেরতের উদ্যোগ নেওয়া হয়। সভার শেষ পর্যায়ে সদর উপজেলার বিপ্রবেলঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহুয়া পারভিন লিপি আজাহার আলীকে নিজ জিম্মায় রেখে টাকা ফেরতের দায়িত্ব নেন। সভা হওয়ার এক ঘণ্টার মধ্যে বাড়ি ফেরার পথে আজাহার আলী পালিয়ে যান। চেয়ারম্যান লিপি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুলিশ তাকে সহায়তা করবে এমন আশ্বাসের ভিত্তিতে তিনি প্রভাতীর সভাপতি আজাহার ও পরিচালক জয়নালকে জিম্মায় নিয়ে ছিলেন। কিন্তু পুলিশ সহযোগিতা না করায় রাতেই তারা পালিয়ে গেছে। আমি এ ঘটনার দায় নিতে পারব না।" জেলা প্রশাসক এস এম এহসান কবীর ও সহকারী পুলিশ সুপার আশরাফ আলী জানান, চেয়ারম্যান লিপির বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে তা এখন ঠিক করা হয়নি। আইন মাফিক যা হয় তাই করা হবে। সংস্থার চাঁদপুর কেন্দ্রের প্রধান জহুরা আসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এই সংস্থা ইতোমধ্যে প্রায় ১০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। তিনি নিজেও ৯৬ জন সদস্যের কাছ থেকে তিন লাখ ৭ হাজার ২'শ টাকা জামানত সংগ্রহ করে সংস্থার প্রধান কার্যালয়ে জমা দিয়েছেন। এখন গ্রাহকরা তার ওপর চাপ সৃষ্টি করছেন। তিনি সোমবার রাত থেকে সভাপতি আজাহারের বাড়ির আঙ্গিনায় বসে ছিলেন। তার সামনে বাড়ির লোকজন বস্তা ভর্তি টাকা নিয়ে পালিয়ে গেলেও পুলিশ কোন পদক্ষেপ নেয়নি। বরং তাকে গালমন্দ করেছে বলে তিনি অভিযোগ করেন। জহুরা জানান, আজহার আলীর পালানোর খবর রাতেই ছড়িয়ে পড়লে আশপাশের গ্রামের সংস্থার সদস্যরা তার বাড়িতে ভিড় করেন। কিন্তু উপস্থিত লোকজনের চোখ ফাঁকি দিয়ে বাড়ির অন্যান্য সদস্যরা গভীর রাতে (সাড়ে ১২টা) টাকা নিয়ে বাড়ি ছেড়ে চলে যায়। ওই গ্রামে পাহারায় থাকা পুলিশ এই ব্যাপারে পদক্ষেপ না নেওয়ায় সদস্যরা উত্তেজিত হয়ে উঠেন। এ সময় পুলিশ তাকে ও সিরাজুল নামের আরও এক সদস্যকে মারধর করেন বলে তিনি অভিযোগ করেন। স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে সদস্যরা নশরতপুরে সংস্থার প্রধান কার্যালয়ে সমবেত হন। কিন্তু প্রধান কার্যালয়সহ সংস্থার সবগুলো কার্যালয় সারাদিন বন্ধ ছিল। উত্তেজিত লোকজন সকাল ১১টার দিকে প্রধান কার্যালয় ও সংস্থার সভাপতি আজাহার আলীর বেশ কিছু আখের জমিতে অগ্নি সংযোগ করে। তারা আজাহার আলীর বাড়িতেও হামলা চালায়। এ সময় লুটপাটের ঘটনা ঘটে। ঘরের জানালা দরজা, এমনকি চালার ঢেউটিন পর্যন্ত খুলে নিয়ে যায় লোকজন। তবে আগে থেকে নগদ টাকা ও কয়েকটি কম্পিউটার সরিয়ে ফেলা হয়েছিল। বিকেল তিনটায় সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় প্রধান কার্যালয় ও আখের জমিতে আগুন জ্বলছিল। প্রতারিত লোকজনকে সংস্থার নির্মাণাধীন ভবনের রড ও ইট খুলে নিয়ে যেতেও দেখা যায়। মাঝদিঘা গ্রামের কেন্দ্র প্রধান ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শেষ বর্ষের ছাত্র মিজানুর রহমান জানান, তিনি ৮২ জন সদস্যের কাছ থেকে ২ লাখ ৫৬ হাজার টাকা সংগ্রহ করে সংস্থায় জমা দিয়েছেন। এখন বাড়িতে থাকায় মুশকিল হয়ে পড়েছে। আমজাদ আলী পালিয়ে যাওয়ার খবর পেরিয়ে উত্তেজিত সদস্যরা জড়ো হতে শুরু করলে সকাল ১০টায় বিপ্রবেলঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহুয়া পারভিন লিপি নলডাঙ্গা থানার কিছু পুলিশ নিয়ে ঘটনাস্থলে আসেন। এতে লোকজন আরও উত্তেজিত হয়ে উঠে। বিক্ষুব্ধ লোকজন তাকে স্থানীয় একটি স্বাস্থ্য কেন্দ্রে পাঁচ ঘন্টা আটক করে রাখে। পুলিশ তাকে উদ্ধার করতে গেলে লোকজন তাদের ওপর চড়াও হয়। পরে দুপুর তিনটায় রাজশাহী থেকে র‌্যাব সদস্যরা এসে বিক্ষুব্ধ জনতার ওপর বেপরোয়া লাঠি চার্জ করে। পরিস্থিতি কিছুটা শান্ত হলে অসুস্থ্য হয়ে পড়া চেয়ারম্যানকে অ্যাম্বুলেন্স যোগে নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়। তবে কিছুক্ষণের মধ্যে তিনি সুস্থ হয়ে উঠেন এবং স্বামীর মোটরসাইকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানান। স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডা. সাহাদত হোসেন জানান, মানসিক চাপে তিনি কিছু সময়ের জন্য জ্ঞান হারিয়ে ফেলেছিলেন। এদিকে ফ্রিডম উন্নয়ন সংস্থা কর্তৃক প্রতারিত কয়েক'শ নারী-পুরুষ মঙ্গলবার সকালে নাটোরের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিতে আসেন। এ সময় পুলিশ তাদেরকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে তাড়িয়ে দেয়। উপস্থিত লোকজন উত্তেজিত হয়ে উঠলে স্থানীয় সেনা ক্যাম্পের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। উত্তেজিত লোকজন ফ্রিডমের নির্বাহী পরিচালক ইসাহাক আলীসহ অন্যান্য কর্মকর্তাদের অবিলম্বে গ্রেপ্তার করে ক্ষতিগ্রস্তদের টাকা ফেরত দেওয়ার দাবি জানায়। এ ব্যাপারে স্থানীয় সেনা ক্যাম্পের একজন কর্মকর্তা জানান, জেলা প্রশাসন চাইলে যে কোন সহযোগিতা দিতে তারা প্রস্তুত আছেন। তিনি জানান, যারা স্মারকলিপি দিতে এসেছিলেন তাদের বুঝিয়ে ফের ত পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪৪ ঘ.