২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চা শ্রমিকদের ন্যুনতম মজুরি নির্ধারণে কমিটি গঠন

চা বাগানের শ্রমিকদের ন্যুনতম মজুরি নির্ধারণ করতে একটি কমিটি গঠন করা হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. মাহফুজুল হকের নেতৃত্বে গঠিত চার সদস্যের এ কমিটি মাঠ পর্যায়ে গিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিল করবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2008, 10:53 AM

Updated : 26 Aug 2022, 01:29 PM

ঢাকা, মার্চ ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- চা বাগানের শ্রমিকদের ন্যুনতম মজুরি নির্ধারণ করতে একটি কমিটি গঠন করা হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. মাহফুজুল হকের নেতৃত্বে গঠিত চার সদস্যের এ কমিটি মাঠ পর্যায়ে গিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে এক সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিল করবে। এছাড়া চা বাগানের শ্রমিকদের মধ্য থেকে প্রাথমিকভাবে বাগানপিছু একজনকে উন্নত প্রশিক্ষণ দিয়ে গার্মেন্টস শিল্পে চাকরি দেওয়ার উদ্যোগ নেয়া হচ্ছে। বাংলাদেশ চা সংসদ (বিটিএ) এ প্রশিক্ষণের ব্যয় বিটিএ বহন করবে। সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে রোববার বিটিএ প্রতিনিধিদলের সঙ্গে এক বৈঠকে উপদেষ্টা আনোয়ারুল ইকবাল এ কমিটি গঠন করেন। প্রধান কারখানা পরিদর্শক, একজন মালিক ও শ্রমিক প্রতিনিধি সদস্য হিসেবে কমিটিতে থাকবেন। বিটিএ প্রতিনিধিদের পক্ষ থেকে বৈঠকে বলা হয়, ১৯৮৬ সালে সরকারের তৈরি করা পৃথক বেতন কাঠামোর আওতায় চা শিল্পের শ্রমিকরা বেতন ও সহায়তা বাবদ যা পাচ্ছে, তা অন্য খাতের ন্যুনতম মজুরির তুলনায় অনেক বেশি। এ অবস্থায় তাদের জন্য পৃথক বেতন কাঠামো ঘোষণার কোন প্রয়োজন নেই বলে তারা দাবি করেন। কাজের ধরণ ও প্রকৃতি, উৎপাদন খরচ এবং প্রচলিত প্রথার বিবেচনায় চা শিল্পকে কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠানের আওতাভূক্ত করে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের জারিকৃত আদেশ থেকে এ শিল্পকে অব্যাহতি দেয়ার জন্য উপদেষ্টার প্রতি আহ্বান জানান। সভাশেষে উপদেষ্টা আনোয়ারুল ইকবাল সাংবাদিকদের জানান, বিটিএ প্রতিনিধিদের সঙ্গে তিনি নীতিগতভাবে একমত। তারপরও বিষয়টি যাচাই করে দেখার জন্য কমিটি গঠন করা হয়েছে। তিনি সরকারের নেওয়া পদক্ষেপ সম্পর্কে বলেন, চা শ্রমিকদের মধ্যে মাত্র ২৪ টাকা দরে বিক্রির জন্য সরকার এক হাজার মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে। প্রয়োজনে এক্ষেত্রে সরকার আরো বরাদ্দ দেবে। সভায় ভারপ্রাপ্ত সচিব ড. মাহফুজুল হক, বিটিএ'র পক্ষে এম ওয়াহিদুল হক, কামরান টি রহমান, লায়লা রহমান কবির, এম কামাল ও জিসি ধর উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/১৬৪৮ঘ.