২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হারিয়ে যাচ্ছে নদীমানচিত্রে আছে, বাস্তবে নেই?

পদ্মা-মেঘনা-যমুনার মতো বিশাল সব নদীর প্রবাহস্পর্শেই সুজলা-সুফলা শস্যশ্যামলা এ দেশ-বইয়ের পাতায় এ কথা পড়েই বড় হয় আমাদের শিশুরা। এ ব-দ্বীপ জুড়ে ছড়িয়ে থাকা অসংখ্য নদী সত্যিই এখনো আমাদের প্রাণ। কিন্তু এ নদীগুলোর বেশিরভাগই এখন জীর্ণশীর্ণ। উজান থেকে ধারা রুদ্ধ হওয়া, পলির আগ্রাসন, দখল আর দূষণের নিষ্পেষণে মরতে বসেছে একদা সম্ভ্রম জাগানো একেকটি নদী। দেশের নদীগুলোর বর্তমান অবস্থা নিয়ে আমাদের প্রতিবেদক মারুফ মল্লিকের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2008, 06:04 AM

Updated : 07 Jul 2022, 05:50 PM

মারুফ মল্লিক,বিডিনিউজ টোয়েন্টিফোর প্রতিবেদক

ঢাকা, মার্চ ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--এক সময়ের প্রমত্তা ব্রহ্মপুত্রের বুকে এখন শুকনো মওসুমে কোথাও কোথাও ধান চাষ হয়। অনেক জায়গাতেই আগের সেই স্রোত আর নেই। পলি জমে, শ্যাওলা-কচুরি পানা ভরে মজা পুকুরের মতো অবস্থা। শুধু ব্রহ্মপুত্রই নয়, দেশের অনেক ছোট বড় নদীতেই এখন শুকনো মওসুমে চাষাবাদ করা হয়।

উজানে পানি প্রত্যাহার, পলি জমা, দুইপাশের তীর দখল হয়ে যাওয়াসহ বিভিন্ন কারণে মরে যাচ্ছে এ সব নদী। হারিয়ে যাচ্ছে অববাহিকার মাটির সতেজতা। জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত দেশের আবহাওয়া সবচেয়ে বেশি শুকনো থাকে। মে মাস পর্যন্ত চলে এ ধারা। এ সময় অববাহিকা অঞ্চলের মাটিও শুকিয়ে যায়। কৃষিকাজসহ যাবতীয় বিষয় ভূ-গর্ভস্থ পানির ওপর নির্ভরশীল হয়ে পড়ে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এইচ এস মোজাদ্দাদ ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "একেক নদীর একেক অবস্থা। কোনোটা পলি জমে ভরে যাচ্ছে, কোনোটার ভাঙন প্রবণতা বেশি। দখল হয়ে যাচ্ছে কোনো নদী। দূষণের কারণেও নদী মরে যাচ্ছে।"

মোটের ওপরে আমাদের নদীগুলোর অবস্থা ভালো না, মন্তব্য তার।

দেশের কতগুলো নদ-নদী ভরাট হয়ে মরে যাচ্ছে এর কোনও সঠিক পরিসংখ্যান নেই। কেবল বড় বড় নদীর কথাই সরকারী কর্মকর্তা ও বিশেষজ্ঞদের আলোচনায় আসে। এমনকি দেশে নদীর সংখ্যা নিয়েও গড়মিল রয়েছে।

নদী গবেষণা ইন্সটিটিউটের হিসাব মতে বাংলাদেশে ৫০০ নদ-নদী আছে। পানি উন্নয়ন বোর্ড 'বাংলাদেশের নদ-নদী' নামে যে বই প্রকাশ করেছে তাতে ৩১০ টি নদ-নদীর নাম উল্লেখ করা হয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ ওয়াটার রিসোর্স প্ল্যানিং অর্গানাইজেশনের মহাপরিচালক প্রকৌশলী মুহম্মদ ইনামুল হকের মতে দেশে ছোট বড় মিলিয়ে ৭০০ নদী আছে।

পানি উন্নয়ন বোর্ড ১১২টি নদ-নদীর প্রবাহ নিয়মিত পরিমাপ করে। ১৭০টি স্থানে পানির উচ্চতা পরিমাপ করা হয়। মাসে একবার লবণাক্ততা মাপা হয় ১০০টি পয়েন্টে। ৬০টি নদীর গতিপথ পর্যবেক্ষণ করা হয়। এসব পর্যবেক্ষণ থেকে পানি উন্নয়ন বোর্ডের হিসাব, মাত্র ১০/১২টি নদীতে শুকনো মওসুমে পানি থাকে না।

অনেক নদীর অস্তিত্বই যে প্রশ্নের মুখে সে বিষয়ে একমত পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ক সংগঠন আইইউসিএন এর কান্ট্রি ডিরেক্টর পানি বিশেষজ্ঞ ড. আইনুন নিশাত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "দেশের নদীগুলোর অবস্থা ভালো নয়, এটা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। বিভিন্ন কারণে নদী মরে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। এ অবস্থা অব্যাহত থাকলে শীতকালে অনেক ছোট নদী খুঁজে পাওয়া যাবে না।"

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, বড় নদীর মধ্যে পুরাতন ব্রহ্মপুত্রের অবস্থা সবচেয়ে করুণ। উত্তরবঙ্গ সীমান্ত দিয়ে দেশে ঢোকা যমুনা নদী থেকে জামালপুরে পৃথক হয়ে ব্রহ্মপুত্র নদ ময়মনসিংহের দিকে গেছে। ময়মনসিংহ হয়ে নরসিংদীর উজানে দু'ভাগ হয়ে একভাগ চলেছে শীতলক্ষ্যা নামে, আরেকটি ধারা ব্রহ্মপুত্র নামেই এগিয়েছে ভৈরবের দিকে।

জামালপুর থেকে ভৈরব পর্যন্ত অনেক স্থানেই শীর্ণ ধারায় প্রবাহিত হচ্ছে এক সময়ের প্রমত্তা ব্রহ্মপুত্র। যমুনায় মুখ বন্ধ হয়ে গেছে। নরসিংদীর মনোহরদীতে নদী প্রায় ভরাট হয়ে গেছে। ময়মনসিংহের পাশ দিয়ে যাওয়ার সময় এ নদের প্রশস্ততা কোথাও কোথাও ১০ থেকে ১৫ ফুটে দাঁড়িয়েছে। গভীরতাও কমে গেছে।

অনেক নদীর উৎসমুখ পলি জমে ভরাট হয়ে যাচ্ছে। পানি প্রবাহ হয়ে পড়ছে রুদ্ধ। টাঙ্গাইলের এলাসিনে যমুনা নদীতে ধলেশ্বরীর উৎসমুখে পলি জমে ভরাট হয়ে যাচ্ছে। চমচমের জন্য বিখ্যাত পোড়াবাড়ীতে পলি জমার কারণে ধলেশ্বরী নদীর প্রবাহ কমে গেছে।

উত্তরাঞ্চলে তিস্তা, করতোয়া, যমুনেশ্বরী, কাটাখালি বড়াল, আত্রাই, করতোয়া, ঘাঘট ইত্যাদি নদীর পানির প্রবাহ প্রতি শুকনো মওসুমেই মারাত্মকভাবে কমে যায়। সিলেট এলাকায় সুরমা ও কুশিয়ারা নদীর পানির প্রবাহ কমে গেছে। পানিপ্রবাহ কমে যাওয়ায় দক্ষিণাঞ্চলে মধুমতি ও গড়াই অববাহিকায় লবণাক্ততা বেড়ে গেছে। এর মধ্যে গড়াই নদী পলি জমে ভরাট হয়ে যাচ্ছে। মাটি ও পানির লবণাক্ততা বেড়ে যাওয়ার কারণে কমে গেছে শস্য উৎপাদন।

নদী বাঁচিয়ে রাখতে পানি উন্নয়ন বোর্ডের খনন কার্যক্রম তেমন একটা নেই। অভ্যন্তরীন নৌ পরিবহন সংস্থা নদীপথ উদ্ধারের জন্য কিছু খনন করে। তবে তা প্রয়োজনের তুলনায় নগন্য।

পানি প্রবাহের পরিমাণের দিক থেকে বিশ্বে তৃতীয় স্থানে আছে পদ্মা-ব্রহ্মপুত্র-মেঘনা। এ তিন নদী দিয়ে মিলিতভাবে বছরে ৭ লাখ ৯৫ হাজার ঘন মিটার পানি বঙ্গোপসাগরে গিয়ে পড়ে। ব্রাজিলের আমাজান নদী দিয়ে বছরে সবচেয়ে বেশি পরিমাণ পানি সাগরে যায়। এরপর রয়েছে আফ্রিকার কঙ্গো নদী।

বিডিনিউজ টোয়েন্টিেেফার ডটকম/এমআরএফ/এসকে/১১৪৯ঘ.