ঢাকা, ফেব্র"য়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাসমান বিদ্যুৎ কেন্দ্র স্থাপন সংক্রান্ত দুর্নীতির মামলায় শেখ হাসিনার জামিনের আবেদন নাকচ করেছে আদালত।
মঙ্গলবার সংসদ ভবন এলাকার বিশেষ জজ আদালত-১ এ শেখ হাসিনার আইনজীবীরা জামিনের আবেদন জানালে বিচারক মো. ফিরোজ আলম তা নাকচ করেন।
তবে আসামি পক্ষের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে মামলার অভিযোগ গঠনের শুনানি আগামী ৩ মার্চ পর্যন্ত মুলতবি করা হয়েছে।
শেখ হাসিনার আইনজীবী অ্যাডভোকেট কামরুল ইসলাম আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের বলেন, "আদালতের এ আদেশের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল করব। বিচারক জামিন নাকচ করার পক্ষে কোনও যুক্তিসঙ্গত কারণ দেখাতে পারেননি। আমরা আগেই আশঙ্কা করেছিলাম হাসিনাকে জামিন দেওয়া হবে না।"
সকালে বিচারক এজলাসে আসার পর পরই রাষ্ট্রপক্ষের আইনজীবীরা অভিযোগ গঠনের শুনানির জন্য আদালতের অনুমতি প্রার্থনা করেন।
কিন্তু আসামি পক্ষের আইনজীবীরা শুনানি পিছিয়ে দেওয়া জন্য আদালতের কাছে আবেদন জানান। কারণ হিসেবে তারা বলেন, "আমাদের সিনিয়র আইনজীবীরা উচ্চ আদালতে ব্যস্ত রয়েছেন। এছাড়া শুনানিতে অংশ নেওয়ার মত প্রস্তুতিও আমাদের নেই।"
এরপর বিচারক আগামী তিন মার্চ অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেন। একই সঙ্গে শেখ হাসিনার জামিন আবেদন নাকচ করে দিয়ে বলেন, "মামলাটি অভিযোগ গঠনের শুনানি পর্যায়ে রয়েছে। এ অবস্থায় জামিন দেওয়ার কোনও সুযোগ নেই।"
এর আগে সকাল ৯টা ৪০ মিনিটে হাসিনাকে সংসদ ভবন এলাকার বিশেষ কারাগার থেকে আদালতে হাজির করা হয়। অপর আসামি তৌফিক-ই এলাহী চৌধুরীকে হাজির করা হয় সকাল সাড়ে ৯টায়।
এ মামলায় হাসিনার জামিন চেয়ে গত ১৩ ফেব্র"য়ারি আদালতের কাছে আবেদন করেন তার আইনজীবীরা। ওই দিন শুনানি শেষে বিচারক মো. ফিরোজ আলম ১৯ ফেব্র"য়ারি আদেশ দেওয়ার তারিখ দিয়েছিলেন। তবে তৌফিক-ই এলাহী চৌধুরীকে ওই দিন আদালতে হাজির না করায় আদেশ দেওয়ার দিন ধার্য করা হয় ২৬ ফেব্র"য়ারি।
বিচারক এজলাস থেকে বের হয়ে যাওয়ার পর শেখ হাসিনা তার আইনজীবী ও আত্মীয়-স্বজনের সঙ্গে আধা ঘণ্টা কথা বলেন।
হাসিনার সঙ্গে কথা বলার পর আওয়ামী লীগ নেত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন সাংবাদিকদের বলেন, "শেখ হাসিনা আমাদের জানিয়েছেন, তাকে স্কয়ার হাসপাতালে মেডিকেল বোর্ডের সামনে হাজির করা হয়নি। একেক জন ডাক্তার আলাদা আলাদা ভাবে তাকে অল্প সময় নিয়ে দেখেছেন।"
গত বছরের ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক এস এম শাব্বির হাসান তেজগাঁও থানায় হাসিনাসহ আট জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।
মামলার অন্য আসামিরা হলেন, সাবেক বিদ্যুৎ সচিব তৌফিক ই ইলাহী চৌধুরী, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান নূরুদ্দীন মাহমুদ কামাল, সামিট গ্র"পের পরিচালক মো. আজিজ খান, একই প্রতিষ্ঠানের পরিচালক ফরিদ খান, ইউনাইটেড গ্র"পের পরিচালক হাসান মাহমুদ রাজা, একই গ্র"পের পরিচালক আবুল কালাম আজাদ ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর সৈয়দ সিদ্দিকুর রহমান।
এতে অভিযোগ করা হয়, অভিযুক্তরা ক্ষমতার অপব্যবহার করে হরিপুর, শিকলবাহা ও খুলনায় তিনটি ভাসমান বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ দুটি প্রতিষ্ঠানকে পাইয়ে দেওয়ার বিনিময়ে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে জমিসহ বাড়ি কেনার জন্য প্রায় তিন কোটি ঘুষ টাকা নেন।
গত বছরের ১৯ সেপ্টেম্বর হাসিনাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এছাড়া, তৌফিক ই এলাহী চৌধুরী গত ১৬ জানুয়ারি আদালতে আত্মসমর্পণ করেন।
গত বছরের ২৮ অক্টোবর হাসিনা মামলাটি জরুরি ক্ষমতা আইনে নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন। মামলাটিতে জামিনের আবেদনও করেন তিনি।
৪ নভেম্বর হাইকোর্ট শেখ হাসিনার জামিন দিয়ে জরুরি আইনে অন্তর্ভুক্ত করা এ মামলার কার্যক্রম স্থগিত করে।
২৬ নভেম্বর হাইকোর্টের ওই আদেশ স্থগিত করে দেয় সুপ্রিমকোর্ট। এরপর নিম্ন আদালতে এ মামলার কার্যক্রম শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এফএফ/জিএনএ/এমআই/১৬৪৫ ঘ.
bdnews24