ঢাকা, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর ২৬৩ জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে থেকে ১১৪ জনকে প্রায় আড়াই বছর পর সোমবার দুর্নীতি দমন কমিশনে বহাল করা হয়েছে। যাচাই-বাছাইয়ের পর এদের কমিশনে নেওয়া হয়েছে বলে কমিশনের মহাপরিচালক (প্রশাসন) কর্নেল হানিফ ইকবাল জানান।
এদের মধ্যে ৯ জন উপপরিচালক, ১৯ জন সহকারী পরিচালক, ২৫ জন পরিদর্শক, ২২ জন সহকারী পরিদর্শক রয়েছেন।
কর্নেল হানিফ ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তাদের 'ক' তালিকা এবং যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তাদেরকে 'খ' তালিকাভূক্ত করে এ বাছাই করা হয়েছে।"
বহাল হওয়া থেকে বাদ পড়াদের অনেকেই কমিশনের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। এদের একজন, বিলুপ্ত ব্যুরোর পরিদর্শক সৈয়দ লিয়াকত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কমিশন কোনো ভিত্তি এবং মানদণ্ড ছাড়াই এই সিদ্ধান্ত নিয়েছে। এটা বেআইনি। এর ফলে অনেক যোগ্য কর্মকর্তা-কর্মচারী বঞ্চিত হয়েছেন।"
অনিয়মের অভিযোগ অস্বীকার করে কর্নেল হানিফ ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অবাহালকৃত প্রত্যেকের ব্যক্তিগত নথি দেখার পাশাপাশি তাদের সাক্ষাৎকারও নেওয়া হয়েছে। কোনো অনিয়ম করা হয়নি। একদল সুযোগ পেলে আরেকদল নাখোশ হবে এটাই তো স্বাভাবিক।"
২০০৪ সালের ২১ নভেম্বর কমিশন গঠন হওয়ার পর সাবেক দুর্নীতি দমন ব্যুরোর ১ হাজার ৬ জন কর্মকর্তা-কর্মচারীকে অতিরিক্ত জনবল হিসেবে ঘোষণা করা হয়েছিল। তাদের মধ্যে থেকে ২০০৫ সালের সেপ্টেম্বরে ৭৪৩ জনকে কমিশনে আত্তীকরণ করা হয়। বাকী ২৬৩ জনকে প্রত্যাহার করে নিতে সরকারের কাছে চিঠি দেয় কমিশন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এমএইচবি/২০৪৬ ঘ.
bdnews24