২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোর ও কুুড়িগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে দুই যুবক নিহত

যশোর ও কুড়িগ্রাম সীমান্তে সোমবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফের গুলিতে অজ্ঞাত পরিচয় দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। আমাদের যশোর প্রতিনিধি জানান, চৌগাছার আন্দুলিয়া সীমান্তে ওই যুবক নিহত হন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2008, 02:11 PM

Updated : 26 Aug 2022, 01:26 PM

ঢাকা, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোর ও কুড়িগ্রাম সীমান্তে সোমবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফের গুলিতে অজ্ঞাত পরিচয় দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। আমাদের যশোর প্রতিনিধি জানান, চৌগাছার আন্দুলিয়া সীমান্তে ওই যুবক নিহত হন। মাশিলা বিডিআর ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার আব্দুল আউয়াল জানান, ভোর রাতে তারা কয়েক রাউন্ড গুলির শব্দ শুনতে পান। পরে কাটা তারের বেড়ার কাছে অজ্ঞাত পরিচয় এক যুবকের লাশ পড়ে থাকতে দেখেন। তার বয়স আনুমানিক ২৫ বছর। ওপারের মামা ভাগ্নে ক্যাম্পের বিএসএফের গুলিতে এই যুবক নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তার লাশ ফেরত দেয়নি বিএসএফ। কুড়িগ্রাম প্রতিনিধি জানান, নাগেশ্বরী উপজেলার বাঁশেরভিটা সীমান্তে বিএসএফের গুলিতে অজ্ঞাত পরিচয় এক বাংলাদেশি যুবক নিহত এবং অপর একজন আহত হয়েছেন। সোমবার ভোর সাড়ে ৫ টার দিকে এঘটনা ঘটে। ভারতী সীমানায় হতাহতের ঘটনা ঘটায় নিহত ও আহত দুই যুবক বাংলাদেশি কিনা এ বিষয়ে বিডিআর নিশ্চিতভাবে কিছু বলতে পারেনি। উপজেলার রামখানা ইউনিয়নের চেয়ারম্যান শহিদার রহমান তালুকদার তাদের বাংলাদেশি বলে জানিয়েছেন। তবে তিনি তাদের নাম পরিচয় বলতে পারেননি। আহত যুবক আত্মগোপন করেছে বলে তিনি জানান। ২৭ রাইফেলস এর একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, আন্তর্র্জাতিক সীমানা পিলার ৯৫০ এর ১ নম্বর সাব পিলারের পার্শ্ববর্তী ভারতীয় সীমানার অন্তত ৫০০ গজ ভেতরে বাদলগিরি ক্যাম্পের বিএসএফ জওয়ানরা দুই যুবককে লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি ছুঁড়লে একজন নিহত এবং অপর একজন গুলিবিদ্ধ হন। নিহতের লাশ বিএসএফ নিয়ে গেছে। ওই কর্মকর্তা জানান, এ ঘটনায় দুপুরের দিকে ৯৫০ পিলারের ১ নম্বর সাব পিলারের পার্শ্ববর্তী জিরো লাইনে বিডিআর ও বিএসএফ কমান্ডার পর্যায়ে পাতাকা বৈঠক হয়। বৈঠকে বিএসএফ নিহতের লাশ না আনায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। নিহত যুবক বাংলাদেশি কিনা তা নিশ্চিত হওয়ার পাশাপাশি পরিচয় উদ্ধারের প্রক্রিয়া শুরু করা হয়েছে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০০৫ ঘ.