নীলফামারী, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের মধ্য সুন্দরখাতা গ্রামে বুধবার ভোররাতে বজ্রপাতে এক শিশুর মৃত্যু হয়েছে।
তার নাম শরিফা বানু(৭)। বজ্রপাতে তার দুই বোনও আহত হয়। তারা ওই গ্রামের আব্দুস সামাদের সন্তান।
স্থানীয় ইউপি চেয়ারম্যান তবিবুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বজ্রবৃষ্টির সময় আব্দুস সামাদের তিন মেয়েই ঘরে ঘুমাচ্ছিল। তাদের কাঁচা ঘরের ওপর বজ্রপাত হলে শরিফা ঘটনাস্থলেই মারা যায়। তার দুই বোন মারুফা আক্তার (১০) ও আমিনা খাতুনের (১৮) শরীর ঝলসে যায়।
মারুফা ও আমিনাকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। তারা আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭০৭ ঘ.
bdnews24