ঢাকা, ফেব্র"য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার বিচার প্রক্রিয়া দেখতে বাংলাদেশে আসা কানাডার আইনজীবী উইলিয়াম স্লোন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রীর বিচার কার্যক্রমের দিকে বিশ্ববাসীর নজর রয়েছে। সাধারণ মানুষ যাতে এই কার্যক্রম আরও বেশি প্রত্যক্ষ করতে পারে তার ব্যবস্থা করা প্রয়োজন।
বুধবার দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে আইনজীবীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন।
অ্যামেরিকান জুরিস্ট অ্যাসোসিয়েশনের কানাডিয়ান চ্যাপ্টারের সভাপতি স্লোন বলেন, "আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনার বিচার কার্যক্রমকে ক্যামেরা ট্রায়াল ঘোষণা করা না হলেও দেখে মনে হচ্ছে এটা পুরোপুরি পাবলিক ট্রায়াল নয়। একজন সাবেক প্রধানমন্ত্রীর বিচারের ক্ষেত্রে লুকোচুরির কিছু নেই। এ বিচার সাধারণ মানুষ যাতে আরও বেশি প্রত্যক্ষ করতে পারে তার ব্যবস্থা করা উচিত।"
তিনি জানান, হাসিনার বিচার প্রক্রিয়া পর্যবেক্ষণ করে জাতিসংঘ, আন্তর্জাতিক গণতান্ত্রিক আইনজীবী সমিতি, অ্যামেরিকান জুরিস্ট অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কছে প্রতিবেদন জমা দেওয়া হবে।
উইলিয়াম স্লোন অভিযোগ করে বলেন, "আমি ২০০৫ সালে আরেকবার বাংলাদেশে এসেছিলাম। কিন্তু এবার আমার আগমনে সরকার খুশি হয়নি। চিলির একনায়ক আগাস্টো পিনোশে আমাকে চিলি প্রবেশে বাধা দিয়েছিল। কিন্তু আমি বিকল্প পথে সেখানে গিয়েছিলাম। এদেশে প্রবেশের সময়ও আমাকে অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। আমার আসার উদ্দেশ্যও জানতে চাওয়া হয়েছে।"
শেখ হাসিনার বিরুদ্ধে চাঁদাবাজির একটি মামলা বাতিল করে গত ৬ ফেব্র"য়ারির হাইকোর্টের রায়কে যুগান্তকারী মন্তব্য করে তিনি বলেন, "বাংলাদেশের হাইকোর্টের এ রায় আন্তর্জাতিক মানবাধিকারের মানদণ্ডে উত্তীর্ণ। পাকিস্তানেও উচ্চ আদালত পারভেজ মোশাররফকে মোকাবেলায় তাদের ক্ষমতা দেখিয়েছে।"
তিনি অভিযোগ করেন, "শেখ হাসিনার বিচার পদ্ধতি পর্যবেক্ষণ করতে চেয়েছিলাম। কিন্তু আমাকে আদালতে ঢুকতে দেওয়া হয়নি।"
মতবিনিময়ের সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমিতির সাবেক সভাপতি ব্যারিস্টার শফিক আহমেদ, বর্তমান সহ সভাপতি আবদুল মান্নান খান ও সম্পাদক এ এম আমিনউদ্দিন।
ব্যারিস্টার শফিক আহমেদ বলেন, "স্লোন আন্তর্জাতিক গণতান্ত্রিক আইনজীবী সমিতির সদস্য। শেখ হাসিনাসহ অন্য বন্দিদের বিচার স্বচ্ছ প্রক্রিয়ায় হচ্ছে কিনা তা দেখতে তিনি এসেছেন। মঙ্গলবার হাসিনার বিচার দেখতে গিয়েছিলেন। কিন্তু তাকে আদালতে ঢুকতে দেওয়া হয়নি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এসএনডি/এমএ/১৭০৫ঘ.
bdnews24