পটুয়াখালী, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সবাই মিলে কাজ করলে বাংলাদেশও উন্নত দেশে পরিণত হবে বলে মনে করেন সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ।
তিনি বলেছেন, "আমরা সবাই মিলে সিডরের মতো ভয়াবহ ঘূর্ণিঝড় মোকাবেলা করেছি। সবাই এক হয়ে কাজ করলে আমাদের দেশটাকেও আমরা উন্নত দেশে পরিণত করতে পারব।"
মঙ্গলবার দুপুরে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার খেপুপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে মৎস্যজীবী পুনর্বাসন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান এ কথা বলেন।
তিনি বলেন, "আমরা বলেছিলাম, সিডর ক্ষতিগ্রস্ত একজন মানুষকেও খাদ্য, পানি ও চিকিৎসার অভাবে মরতে দেব না। সবার সহায়তায় সেনাবাহিনী সে কথা রাখতে পেরেছে।"
ঘূণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত সেনাবাহিনী সাধারণ মানুষের পাশে থাকবে বলে সেনাপ্রধান জানান।
সেনাবাহিনীর ত্রাণ তহবিলে এ পর্যন্ত ২৬ কোটি ৫ লাখ টাকা অনুদান জমা পড়েছে জানিয়ে জেনারেল মইন বলেন, "প্রতিটি টাকা আমরা ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছে দেব। পুনর্বাসনের কাজের সময় পরিবহণ ও অন্য কোনও খাতে এ অর্থ ব্যয় করা হবে না।"
সেনাপ্রধান পরামর্শ দেন, উপকূলীয় এলাকায় মসজিদসহ সব স্থাপনা এমনভাবে নির্মাণ করা উচিৎ, যেন দুর্যোগের সময় সেখানে সবাই আশ্রয় নিতে পারে।
ঘূর্ণিদুর্গত এলাকায় ত্রাণ ও পুনর্বাসন কাজে সেনাসদস্যদের তৎফরতায় সন্তোষ প্রকাশ করে এ জন্য তাদের ধন্যবাদও জানান মইন উ আহমেদ।
সেনাপ্রধান ঝড়ে ক্ষতিগ্রস্ত ৫৫টি পরিবারের মধ্যে ১০টি ট্রলার ও ১০টি নৌকা বিতরণ করেন। এ প্রকল্পের মাধ্যমে ৪০০টি ট্রলার ও নৌকা ক্ষতিগ্রস্ত জেলেদের মধ্যে বিতরণ করা হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ৫৫ পদাতিক ডিভিশনের জেনারেল কমান্ডিং অফিসার (জিওসি) মেজর জেনারেল রফিকুল ইসলাম পিএসসি ও জেলা প্রশাসক মীর মশিউর আলম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৪১০ ঘ.
bdnews24