ফেনী, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধর্ষণ ও ডাকাতির এক মামলায় ছয় জনকে মৃত্যুদণ্ড দিয়েছে ফেনীর একটি আদালত।
ফেনী জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মো. নজরুল ইসলাম মঙ্গলবার এ দণ্ডাদেশ দেন।
দণ্ডিতরা হলো, নুর আহাম্মদ, মজিবুল হক, সবুজ, সেলিম, ইসমাইল হোসেন ও আবদুল মান্নান। আদালত তাদের প্রত্যেকের এক লাখ টাকা করে জরিমানাও করেছে।
এদের সবার বাড়ি দাগনভূঁইয়া উপজেলার কোরবানপুর গ্রামে। ২০০২ সালের ১৮ জুলাই দাগনভুঁইয়ার ভবানীপুর গ্রামে নুরুল হকের বাড়িতে ডাকাতি এবং ওই বাড়ির এক নারীকে ধর্ষণের দায়ে তাদের সাজা দেওয়া হয়েছে।
আসামিদের মধ্যে সেলিম ও সবুজ আটক রয়েছে। বাকিরা পলাতক। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার ১২ আসামিকে খালাস দিয়েছে আদালত।
সরকার পক্ষের আইনজীবী পিপি শরফুদ্দিন মানিক সাংবাদিকদের জানান, ২০০২ সালের ১৮ জুলাই অভিযুক্তরা ভবানীপুরের নুরুল হকের বাড়িতে ডাকাতি করে। ওই সময় তারা ওই বাড়ির এক নারীকে গণধর্ষণ করে।
ঘটনার পর ২৪ জুলাই আবদুল মালেক নামে ধর্ষিতর এক স্বজন বাদি হয়ে দাগনভূঁইয়া থানায় মামলাটি দায়ের করেন। দাগনভুঁইয়া থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মামলার তদন্তকারী কর্মকর্তা হ্লাচিং প্র" ১৮ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
ধর্ষিতের শ্বশুর নুরুল হক মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। একইসঙ্গে তিনি সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, পলাতক আসামিরা তার পরিবারকে ভয়ভীতি দেখাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩২১ ঘ.
bdnews24