২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অভিভাবকহীন বিটিটিবির কর্মকাণ্ডে ধীরগতি

পক্ষকালব্যাপী বাংলাদেশ টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ডের (বিটিটিবি) চেয়ারম্যান পদ শূন্য পড়ে থাকায় সংস্থাটির সার্বিক কর্মকাণ্ডে ধীরগতি দেখা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2008, 12:15 PM

Updated : 26 Aug 2022, 01:24 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পক্ষকালব্যাপী বাংলাদেশ টেলিগ্রাফ অ্যান্ড টেলিফোন বোর্ডের (বিটিটিবি) চেয়ারম্যান পদ শূন্য পড়ে থাকায় সংস্থাটির সার্বিক কর্মকাণ্ডে ধীরগতি দেখা দিয়েছে। ৩১ জানুয়ারি বিটিটিবির সাবেক চেয়ারম্যান ডি এম মওদুদ চৌধুরি অবসর প্রস্তুতিকালীন ছুটিতে (এলপিআর) চলে গেলে রোববার পর্যন্ত নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়নি। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিটিটিবির চেয়ারম্যান নিয়োগ সংক্রান্ত একটি প্রস্তাব প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠনো হয়েছে। জানুয়ারি মাসের শেষ দিকে তিনজনের নাম প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হলেও এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। রোববার মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম এ মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা সময় মতো যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠিয়েছি।" মন্ত্রণালয় ও বিটিটিবি সূত্র জানিয়েছে, চেয়ারম্যান পদ শূন্য পড়ে থাকায় বিটিটিবির আর্থিক কার্যক্রমসহ সার্বিক কর্মকাণ্ডে এক ধরনের ধীরগতি নেমে এসেছে। অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আটকে রয়েছে। বিটিটিবির কয়েকজন কর্মকর্তা জানান, জেনারেল প্রভিডেন্ট ফান্ড থেকে সাধারণ কর্মচারীরা ঋণ নিয়ে থাকেন। এ জন্য চূড়ান্ত অনুমোদন প্রদান করেন চেয়ারম্যান। তবে চেয়ারম্যান না থাকায় কর্মচারীদের অনেকেই ঋণ নিতে পারছে না। বিটিটিবির বিভিন্ন প্রকল্পের কাজকর্মেও স্থবিরতা নেমে এসেছে। গত ছয় মাসে বিটিটিবির বার্ষিক উন্নয়ন কর্মসূচির মাত্র সাত শতাংশ সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। অভিভাবকহীন অবস্থায় বাকি ৯৩ ভাগ আগামী ছয় মাসে সম্পন্ন করা সম্ভব কি না এ ব্যাপারে শঙ্কা দেখা দিয়েছে খোদ সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এএল/এমএ/১৮১০ঘ.