কক্সবাজার, ফেব্র"য়ারি ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার-টেকনাফ সড়কের হোয়াইক্যং মিনাবাজার এলাকায় সোমবার সকালে ট্রাক চাপায় তিনজন নিহত ও অপর একজন গুরুতর আহত হয়েছেন।
নিহতরা হলেন- হাজী মিয়া হোসেন (৭৫), সুলতান আহমদ (৬০) ও আব্দুর রহিম (১৫)। আহত দুদু মিয়া (৪৫) কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি ঘটলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক কামরুল ইসলাম জানান, সকাল ৮টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী এলাকার কিছু লোক কক্সবাজার-টেকনাফ সড়কের পাশে বসে রোদ পোহাচ্ছিল। এ সময় চট্টগ্রাম থেকে আসা পণ্যবাহী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৪-১৬০১) তাদের চাপা দেয়।
ট্রাক চাপায় ঘটনাস্থলেই হাজী মিয়া হোসেন ও সুলতান আহমদ মারা যান। আহতাবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পর আবদুর রহিমের মৃত্যু হয়।
কামরুল ইসলাম জানান, ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।
টেকনাফ থানার উপ-পরিদর্শক জসিম উদ্দিন জানান, ট্রাকটি আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৬৩০ ঘ.
bdnews24