ঢাকা, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যানজট নিরসনে আগামী দুই মাসের মধ্যে রাজধানীতে বাস রুটের সংখ্যা কমিয়ে আনছে ঢাকা মহানগর পুলিশ। মহানগর পুলিশ কমিশনার নাইম আহমেদ রোববার জানিয়েছেন, রুটের সংখ্যা ১৩৫ থেকে কমিয়ে ৩০ থেকে ৪০টির মধ্যে রাখা হবে।
বিকালে রাজারবাগ পুলিশ মিলনায়তনে ঢাকা মহানগর পুলিশের মাসিক অপরাধ বিষয়ক সভায় সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
নাইম আহমেদ বলেন, "রাজধানীতে বর্তমানে ১৩৫টি রুটে বাস চলাচল করছে। এসব রুটে পরিকল্পিতভাবে যান চলাচল না করায় যানজট হচ্ছে। এ কারণে রুটের সংখ্যা কমিয়ে ৩০ থেকে ৪০টির মধ্যে সীমাবদ্ধ রাখা হবে।"
তিনি জানান, আগামী দুই মাসের মধ্যে এই ব্যবস্থা কার্যকর করা হবে। আর প্রতিটি বাসের গায়ে রুট শুরুর স্থান ও গন্তব্যস্থান লেখা বাধ্যতামূলক করা হবে।
নাইম আহমেদ জানান, প্রতিদিন গড়ে ১০০টি করে যানবাহন রাস্তায় নামছে। অথচ বাস চলাচলের জন্য রয়েছে মাত্র ২০০ কিলোমিটার রাস্তা।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজধানীতে গাড়ি চুরির সংখ্যা বেড়ে গেছে। খুব শিগগিরই গাড়ি চুরি রোধে 'ক্র্যাশ প্রোগ্রাম' শুরু হবে।
ডিসেম্বরের তুলনায় জানুয়ারি মাসে অপরাধের সংখ্যা তুলনামূলকভাবে কমে এসেছে জানিয়ে তিনি বলেন, "গত মাসে ৮০০টির বেশি মামলা নিস্পত্তি হয়েছে।
নাইম আহমেদ বলেন, "থানা গুলোতে 'ওপেন হাউজ ডে' চালু করার পর অনেক তথ্য জানা যাচ্ছে। এক্ষেত্রে ডেসা, ওয়াসা বা সিটি করপোরেশনের মতো সেবামূলক প্রতিষ্ঠানগুলোও এগিয়ে আসছে।"
মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার, যুগ্ম কমিশনার, রাজধানীর বিভিন্ন বিভাগের উপ কমিশনার, অতিরিক্ত কমিশনার, সহকারী কমিশনার, বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়াও ট্রাফিক বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সভায় উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/টিএইচ/জেকে/এমএইচবি/২২৪২ ঘ.
bdnews24